ঢাকার কেরানীগঞ্জে ঢাকা-মাওয়া হাইওয়েতে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে দুই বন্ধু নিহত হয়েছেন। গত বৃহস্পতিবার রাত ১২টার দিকে ঢাকা কেন্দ্রীয় কারাগারের কাছাকাছি এ ঘটনা ঘটে। নিহতরা হলেন মো. অনিক (১৭) ও শাওন মিয়া (১৮)। এ ছাড়া বান্দরবানের থানচিতে কাঠবোঝাই ট্রাকের সঙ্গে ধাক্কা খেয়ে এক পর্যটক, চট্টগ্রামের সীতাকুন্ডে লরির সঙ্গে ধাক্কা খেয়ে মোটরসাইকেল আরোহী এবং নারায়ণগঞ্জের আড়াইহাজারে বাসের সঙ্গে ধাক্কা লেগে অটোরিকশাচালক নিহত হয়েছেন। গত বৃহস্পতিবার রাত থেকে গতকাল শুক্রবার বিকেল পর্যন্ত এসব ঘটনা ঘটে। বিস্তারিত প্রতিনিধি ও সংবাদদাতাদের পাঠানো খবরে
কেরানীগঞ্জ : ঢাকা-মাওয়া হাইওয়েতে গত বৃহস্পতিবার রাত ১২টার দিকে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে গুরুতর আহত হন অনিক ও শাওন। পরে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়ার পর রাত ২টার দিকে চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন। অনিক রাজধানীর মুগদা মানিকনগর বালুরমাঠ এলাকার মো. ইদ্রিস আলীর ছেলে ও শাওন একই এলাকার মো. চান্দু মিয়ার ছেলে। অনিক সাইনবোর্ড ও ব্যানারের কাজ করতেন।
নিহত অনিকের বড়ভাই ইয়াসিন মিয়া জানান, রাত ১০টার দিকে মোবাইল ফোনে ছোট ভাইয়ের সঙ্গে তার কথা হয়। তখন অনিক জানায়, বন্ধুদের সঙ্গে দাওয়াত খেতে যাচ্ছে। এরপর রাত ১২টার দিকে তিনি খবর পান ঢাকা-মাওয়া মহাসড়কের রাজেন্দ্রপুরে ঢাকা কেন্দ্রীয় কারাগারের সামনের রাস্তায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ছিটকে পড়ে অনিকসহ দুজন আহত হয়েছে। পরে তিনি ঢাকা মেডিকেলে গিয়ে তাদের মরদেহ দেখতে পান। শাওন মোটরসাইকেলটি চালাচ্ছিল।
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (ইন্সপেক্টর) মো. বাচ্চু মিয়া জানান, মরদেহ দুটি মর্গে রাখা হয়েছে।
থানচিতে ট্রাকের ধাক্কায় কাপ্তাই সুইডিশ পলিটেকনিক্যালের শিক্ষার্থী নিহত : বান্দরবানের থানচিতে কাঠবোঝাই ট্রাকের সঙ্গে ধাক্কা খেয়ে নিহত পর্যটকের নাম জয়রাজ দাশ। গতকাল বিকেলে থানচি যাওয়ার পথে বিদ্যামণিপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। জয়রাজ চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার চন্দ্রঘোনা ১নং ওয়ার্ডের অমল দাশের ছেলে। তিনি রাঙ্গামাটির কাপ্তাই সুইডিশ পলিটেকনিক্যাল ইনস্টিটিউটের অটোমোবাইল বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, গতকাল দুপুরে পাঁচজনের একটি দল মোটরসাইকেল নিয়ে থানচি যাওয়ার পথে বিদ্যামণিপাড়া এলাকায় একটি ট্রাকের সঙ্গে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই জয়রাজের মৃত্যু হয়।
সীতাকুন্ডে মোটরসাইকেল আরোহী নিহত : চট্টগ্রামের সীতাকু-ে সড়কের পাশে পার্কিং করার সময় একটি লরির পেছনে ধাক্কা খেয়ে মোটরসাইকেল আরোহী হোসাইন বিন আরিফসহ (২৫) দুই বন্ধু গুরুতর আহত হন। উপজেলার কুমিরা পিএইচপি গেট এলাকায় গত বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা দুজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আরিফকে মৃত ঘোষণা করেন। তিনি সীতাকু-ের কুমিরা ইউনিয়নের ছোট কুমিরা মাস্টারপাড়া এলাকার মৃত জেবল হোসেনের ছেলে। আরিফের বন্ধু ইমন একই হাসপাতালে চিকিৎসাধীন।
সীতাকুন্ড মডেল থানার এসআই মোতাব্বির হোসেন গাজী বলেন, গাড়ি দুটি পুলিশের হেফাজতে রয়েছে।
আড়াইহাজারে বাসের ধাক্কায় অটোচালক নিহত : নারায়ণগঞ্জের আড়াইহাজারে বাসের সঙ্গে ধাক্কা খেয়ে জাকির হোসেন (৪৫) নামে এক অটোরিকশা চালক নিহত হয়েছেন। গত বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টার দিকে ঢাকা-বিশনন্দী সড়কের সাদারদিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত জাকির উপজেলার কৃষ্ণপুরা এলাকার সানাউল্লার ছেলে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, বৃহস্পতিবার সকালে অন্য দিনের মতো ব্যাটারিচালিত অটোরিকশা নিয়ে বের হন জাকির। উপজেলার সাদারদিয়া এলাকায় আল আফরাহ পরিবহনের একটি বাসের সঙ্গে তার রিকশার সংঘর্ষ হয়। এতে জাকির গুরুতর আহত হন। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রাত ১২টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
(প্রতিবেদনটি তৈরিতে তথ্য দিয়েছেন কেরানীগঞ্জ (ঢাকা), বান্দরবান ও সীতাকু- (চট্টগ্রাম) প্রতিনিধি ও আড়াইহাজার (নারায়ণগঞ্জ) সংবাদদাতা)
