‘দেশের মানুষের ভাগ্যোন্নয়নে দিনরাত পরিশ্রম করছেন প্রধানমন্ত্রী’

আপডেট : ৩১ ডিসেম্বর ২০২২, ০৪:৫১ পিএম

প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের মানুষের ভাগ্যোন্নয়নে দিনরাত কঠোর পরিশ্রম করছেন। দেশের উন্নয়নের পাশাপাশি ধর্মীয় কাজ কর্ম নিয়েও ব্যস্ত থাকেন তিনি।

তিনি বলেন, দেশে ইসলামী ফাউন্ডেশন প্রতিষ্ঠা করেছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। সেই ধারাবাহিকতায় তারই সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনা প্রতিটি উপজেলায় মডেল মসজিদ নির্মাণ করছেন।

শনিবার (৩১ ডিসেম্বর) সকালে ঢাকার নবাবগঞ্জ উপজেলার খালপাড় সোনাহাজরা মুফিজিয়া ফাজিল মাদরাসার শতবর্ষপূর্তী উদযাপন অনুষ্ঠানে প্রধান অথিতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সালমান এফ রহমান বলেন, শেখ হাসিনা ১৪ বছরে বাংলাদেশকে বিশ্বের এক অনন্য উচ্চতায় নিয়ে গেছেন। বিশ্ববাসী এখন বাংলাদেশকে নিয়ে স্বপ্ন দেখে এমনকি পাকিস্তানও এ দেশের উন্নয়ন দেখে হতবাক।

তিনি বলেন, পাকিস্তানিরা বলেছিলো বাংলাদেশে কোন মুসলিম নাই। তারা এ দেশের মানুষকে হিন্দু বানিয়ে ফেলেছিলো। যুদ্ধের সময় পাকিস্তানি সেনাদের অত্যাচারের হাত থেকে কোন মুসলিমও রেহাই পায়নি।

তিনি আরও বলেন, বর্তমান আধুনিকতায় নতুন প্রযুক্তির সঙ্গে মিল রেখে মাদরাসার শিক্ষক ও ছাত্রদেরকে এগিয়ে যেতে হবে। তিনি এ সময় মাদরাসার উন্নয়নে ফজলুর রহমান ফাউন্ডেশনের পক্ষ থেকে ১০ লাখ টাকার অনুদানের চেক পরিচালনা পর্ষদের সভাপতির হাতে তুলে দেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শতবর্ষ উদযাপন পরিষদের আহবায়ক ও মাদরাসা পরিচালনা পরিষদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল বাতেন মিয়া।স্বাগত বক্তব্য রাখেন শতবর্ষ উদযাপন পরিষদের সদস্য সচিব মো. মোস্তাফিজুর রহমান। এসময় তিনি মাদরাসার সরকারি করণের দাবি জানান।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত