শূন্য আসনের ৩টি আ.লীগের, ২টিতে ছাড়, উন্মুক্ত ১টি

আপডেট : ০২ জানুয়ারি ২০২৩, ০৬:১৯ এএম

আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদের শূন্য ২৮ সদস্যের মধ্যে ২৫ সদস্যের নাম ঘোষণা করা হয়েছে। সেই সঙ্গে শূন্য উপপ্রচার সম্পাদকের পদও পূরণ করা হয়েছে। গতকাল রবিবার আওয়ামী লীগের সংসদীয় মনোনয়ন বোর্ডের সভায় দলীয় সভাপতি শেখ হাসিনা শূন্যপদ পূরণ করে দেন। সভা শেষে গণভবনের ফটকে সাংবাদিকদের সামনে নতুন নির্বাচিত নেতাদের নাম ঘোষণা করেন সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

এ ছাড়া একাদশ সংসদে বিএনপির নির্বাচিত সদস্যদের পদত্যাগে শূন্য হওয়া ছয় আসনে মনোনয়নও চূড়ান্ত করা হয়। এর মধ্যে ১৪ দলীয় জোটের শরিক দল বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি ও জাতীয় সমাজতান্ত্রিক দলকে (জাসদ) দুটি আসন ছেড়ে দেওয়া হয়। একটি আসন উন্মুক্ত রেখে তিনটি আসনে আওয়ামী লীগ প্রার্থী চূড়ান্ত করেছে।

কার্যনির্বাহী সংসদ সদস্য হলেন যারা : আবুল হাসনাত আবদুল্লাহ, নুরুল ইসলাম ঠান্ডু, বিপুল ঘোষ, দীপংকর তালুকদার, আমিনুল আলম মিলন, আখতার জাহান, মুশফিক হোসেন চৌধুরী, মেরিনা জামান, পারভীন জামান কল্পনা, সফুরা বেগম রুমি, অধ্যাপক মো. আলী আরাফাত, তারানা হালিম, সানজিদা খানম, হোসনে আরা লুৎফা ডালিয়া, আনোয়ার হোসেন, আনিসুর রহমান, শাহাবুদ্দিন ফরাজি, ইকবাল হোসেন অপু, গোলাম রব্বানী চিনু, মারুফা আক্তার পপি, রেমন্ড আরেং, গ্লোরিয়া সরকার ঝর্ণা, সাঈদ খোকন, আজিজুর রহমান ডন, সাখাওয়াত হোসেন শফিক, দীলিপ কুমার চ্যাটার্জী, তারিক সুজাত।

আওয়ামী লীগের উপপ্রচার ও প্রকাশনা সম্পাদক সৈয়দ আবুল আউয়াল শামীম। তিনি গত কমিটির কার্যনির্বাহী সদস্য ছিলেন।

কেন্দ্রীয় কমিটির একটি সভাপতিমণ্ডলী, একটি সম্পাদকীয় পদ ও একটি কেন্দ্রীয় সদস্যসহ ৮১ সদস্যের কমিটির তিনটি পদ এখনো খালি রাখা হয়েছে।

ওবায়দুল কাদের বলেন, সংসদীয় মনোনয়ন বোর্ডের সভায় দীর্ঘক্ষণ আলোচনার পর মনোনয়নের বিষয়ে সিদ্ধান্ত হয়েছে। ঠাকুরগাঁও-৩ আসন ১৪ দলীয় জোটের শরিক ওয়ার্কার্স পার্টিকে দেওয়া হয়েছে। বগুড়া-৪ জাসদকে দেওয়া হয়েছে। বগুড়া-৬ আসনে রাগীবুল হাসান রিপু, চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে জিয়াউর রহমান, চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনে মো. আবদুল ওদুদকে মনোনয়ন দিয়েছে আওয়ামী লীগ। ব্রাহ্মণবাড়িয়া-২ আসন উন্মুক্ত রাখা হয়েছে বলে জানান তিনি।

তিনি বলেন, আওয়ামী লীগের কাউন্সিলে দেওয়া দায়িত্ব মোতাবেক দলীয় সভাপতি শেখ হাসিনা রংপুর মহানগর ও রংপুর জেলা কমিটি বিলুপ্ত ঘোষণা করেছেন। রংপুর মহানগরে ডা. দেলোয়ার হোসেন আহ্বায়ক ও আবুল কাশেমকে যুগ্ম আহ্বায়ক ঘোষণা করা হয়েছে। জেলায় আহ্বায়ক করা হয়েছে এ কে এম সাদাত হোসেন বকুলকে। আর যুগ্ম আহ্বায়ক মাজেদ আলীকে।

আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা জাতীয় কমিটিতে ২১ জনকে মনোনীত করেন। তারা হলেনÑ আমির হোসেন আমু, তোফায়েল আহমেদ, মশিউর রহমান, ইউসুফ হোসেন হুমায়ুন, মির্জা এম এ জলিল, রমেশ চন্দ্র সেন, নুরুল ইসলাম নাহিদ, হাবিবুর রহমান সিরাজ, আকবর আলী মর্জি, শাহজাহান কামাল, আনিসুল হক, অধ্যক্ষ মতিউর রহমান, চন্ডী চরণ পাল, মো. ইউনুস, হারুনুর রশীদ, জাহিদ মালেক স্বপন, মঞ্জুরুল হক লাবলু, বলরাম পোদ্দার, অধ্যক্ষ জোবায়েদা খাতুন পারুল, আবদুল্লাহ আল মামুন তোফাজ্জল। একটি পদ খালি আছে।

নতুন উপদেষ্টামণ্ডলীর সদস্য হয়েছেন হারুনুর রশীদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সাদেকা হালিম এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলাম, সাবেক রাষ্ট্রদূত মাজেদা রফিকুন নেছা। চারটি পদ ফাঁকা রয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত