ইসরায়েলি হামলায় সিরিয়ার ২ সৈন্য নিহত, দামেস্ক বিমানবন্দর বন্ধ

আপডেট : ০২ জানুয়ারি ২০২৩, ১০:৫৩ এএম

সিরিয়ার সামরিক বাহিনী জানিয়েছে, ইসরায়েলি ক্ষেপণাস্ত্র হামলায় কমপক্ষে দুই সিরিয়ান সৈন্য নিহত হয়েছে। হামলার ফলে দেশটির প্রধান আন্তর্জাতিক বিমানবন্দর বন্ধ রাখতে হয়েছে। খবর আলজাজিরার।

সামরিক কর্মকর্তাদের দেওয়া এক বিবৃতির বরাত দিয়ে বার্তা সংস্থা সানা জানিয়েছে, স্থানীয় সময় রবিবার রাত ২টায় ইসরায়েলের লেক টাইবেরিয়াস থেকে দামেস্ক আন্তর্জাতিক বিমানবন্দর এবং এর আশপাশের এলাকা লক্ষ্য করে বায়ুচালিত ক্ষেপণাস্ত্রটি ছোঁড়া হয়।

বিবৃতিতে বলা হয়েছে, হামলার ফলে ‘দুই সৈন্যের মৃত্যু, দুজন আহত হয়েছে। বেশ কিছু বস্তুগত ক্ষয়ক্ষতিও হয়েছে। আপাতত বিমানবন্দরটির কার্যক্রম বন্ধ রাখা হয়েছে।

যুক্তরাজ্য ভিত্তিক একটি পর্যবেক্ষণ দল সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে, ইসরায়েলি হামলাগুলো বিমানবন্দরের পাশাপাশি দামেস্কের দক্ষিণে একটি অস্ত্রের ডিপোতে আঘাত করেছিল। হামলায় অন্তত চারজন নিহত হয়েছে বলে এতে বলা হয়।

এ বিষয়ে ইসরায়েলের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।

এক বছরেরও কম সময়ের মধ্যে দ্বিতীয়বারের মতো দামেস্ক আন্তর্জাতিক বিমানবন্দরের কার্যক্রম বন্ধ করে দিতে হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত