কুকুর কিনে খবরের শিরোনামে মার্তিনেস

আপডেট : ০২ জানুয়ারি ২০২৩, ০৭:১৫ পিএম

বিশ্বকাপ ফাইনালের পুরস্কার বিতরণ অনুষ্ঠান থেকেই বিতর্কে আর্জেন্টিনার গোলকিপার এমিলিয়ানো মার্তিনেস। ট্রফি নিয়ে নিজ দেশে ফেরার পর এমবাপ্পেকে নিয়ে ঠাট্টার কারণেও বিতর্কের মুখে পড়তে হয় তাকে। এবার অন্য এক কারণে ফের শিরোনাম হয়েছেন তিনি।

ব্রিটিশ গণমাধ্যমের খবরে বলা হয়েছে, বিশ্বকাপের পুরস্কার পাহাড়ায় একটি শিকারি কুকুরকে কিনেছেন মার্তিনেস। যেখানে তিনি থাকেন, সেই মিডল্যান্ডসে বিশ্বকাপের পদক এবং তার পরিবারের পাহারার দায়িত্বে থাকবে কুকুরটি।

যে কুকুরটি মার্তিনেস কিনেছেন, তা বেলজিয়ান শেফার্ড গোত্রের। অতীতে আমেরিকার সেনাবাহিনীর সঙ্গে যুদ্ধক্ষেত্রে যাওয়ার অভিজ্ঞতা রয়েছে তার। কাজ করেছে ‘স্যাস’ সংস্থার সঙ্গেও। এই ধরনের কুকুরের ঘ্রাণশক্তি প্রকট। পাশাপাশি, কোনো রকম বিপদ দেখলে সঙ্গে সঙ্গে সতর্ক করে দিতে পারে। শত্রু দেখলে তাকে আক্রমণ করতেও জুড়ি নেই। মার্তিনেস যে কুকুরটি কিনেছেন, তার দাম ২০ হাজার পাউন্ড বা বাংলাদেশি টাকায় প্রায় ২২ লাখ টাকা। ওজন ৩০ কেজি।

পশ্চিম মিডল্যান্ডসে থাকেন মার্তিনেস। ইংল্যান্ডের একটি সংস্থা থেকে তিনি কুকুরটিকে কিনেছেন। সাধারণত সেনাবাহিনীর হয়ে কাজ শেষ হয়ে গেলে ব্যক্তিগতভাবে কেউ শিকারি কুকুরদের কিনতে পারেন। মার্তিনেসও সে ভাবেই কিনেছেন। সাম্প্রতিক কালে ইংল্যান্ডে বসবাসকারী বিভিন্ন ফুটবলারদের বাড়ি আক্রান্ত হয়েছে। বিশ্বকাপ চলার মাঝেই ইংরেজ ফুটবলার রহিম স্টার্লিংয়ের বাড়ি চুরি করতে ঢুকেছিল কিছু দুষ্কৃতী। পরিবারের পাশে থাকতে কিছু দিনের জন্যে দেশে ফিরে যান তিনি।

আর্সেনালের কোচ মিকেল আর্তেতা এবং ফ্রান্সের গোলকিপার হুগো লরিসের বাড়ি পাহারার দায়িত্বে এই ধরনের কুকুর রয়েছে। দুই প্রাক্তন ইংরেজ ফুটবলার অ্যাশলে কোল এবং জ্যাক উইলশেয়ারও এই সংস্থার থেকে কুকুর কিনেছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত