সালসার রাজধানী কলম্বিয়ার কালিতে প্রতি বছর লাতিন সংগীতের একটি বিশেষ ঘরানা ‘সালসা সংগীত’ নিয়ে একটি কার্নিভ্যাল হয়। এ প্রতিযোগিতায় অংশ নিয়েছেন আমেরিকা প্রবাসী বাংলাদেশি লেখক, অনুবাদক ও সংগীতশিল্পী আনিসুজ জামান। দ্য কাপিতাল দে লা সালসা শিরোনামে তিনি একটি সালসা সংগীত নিয়ে অংশগ্রহণ করেন। প্রাথমিকভাবে প্রায় তিন হাজার গান জমা পড়ে। সেখান থেকে সেরা বিশে স্থান করে নেন আনিসুজ জামান। এর আগে নব্বই দশকে জাপানি সালসা দল ‘অর্কেস্ট্রা দেলা লুজ’ এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। এর আগে-পরে আর কোনো বিদেশি শিল্পী এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেননি।
আনিসুজ জামান বাংলা সালসা সংগীত নিয়েও কাজ করেছেন। তার গাওয়া বাংলা সালসা ‘মার্চ মাসের বৃষ্টি’ এবং ‘কোথাও’ গান দুটি ইউটিউবে প্রশংসিত হয়েছে। তিনি আফ্রো-লাতিন ফোকের সঙ্গে বাংলা বাউল ও লোকসংগীতের ফিউশন নিয়ে কাজ করছেন। পাশাপাশি নিয়মিত কাজ করছেন সালসা ও বালাদা নিয়ে। উল্লেখ্য, আনিসুজ জামান প্রধানত অনুবাদক হিসেবে পরিচিতি পেলেও, তিনি একই সঙ্গে গল্পকার, সম্পাদক, সাহিত্য সংগঠন ও সংগীতশিল্পী। কলম্বিয়ার নোবেলজয়ী লেখক গ্যাব্রিয়েল গারসিয়া মার্কেসের ‘শত বছরের নিঃসঙ্গতা’ উপন্যাসটি স্প্যানিশ ভাষা থেকে বাংলায় অনুবাদ করেছেন তিনি। তার অনুবাদে উরুগুয়ের বিখ্যাত লেখক হুয়ান কার্লোস ওনেত্তির উপন্যাস ‘কুয়ো’ এবং মেক্সিকোর জনপ্রিয় লেখক আনহেলেস মাস্ত্রেত্তার উপন্যাস পরানটাকে উপড়ে নাও প্রকাশিত হয়েছে এবং হুয়ান রুলফোর পেদ্রো পারামো আগামী অমর একুশে বইমেলায় প্রকাশিত হবে। এবার অন্যপ্রকাশ থেকে প্রকাশিত হয়েছে তার মৌলিক গল্পগ্রš’ বেতুল। স্প্যানিশ ভাষায় তিনি অনুবাদ করেছেন মানিক বন্দ্যোপাধ্যায়ের পদ্মা নদীর মাঝি এবং জহির রায়হানের হাজার বছর ধরে।
