নির্ধারিত নিয়ম ও সময়েই রাষ্ট্রপতি নির্বাচন হবে এবং এ নিয়ে সংবিধান সংশোধনের কোনো পরিকল্পনা সরকারের নেই বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী আনিসুল হক। গতকাল বুধবার রাজধানীর বিচার প্রশাসন ও প্রশিক্ষণ ইনস্টিটিউটে অধস্তন আদালতের বিচারকদের এক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন শেষে উপস্থিত সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি। এক প্রশ্নের জবাবে আনিসুল হক বলেন, ‘নির্ধারিত সময়েই মহামান্য রাষ্ট্রপতি নির্বাচন হবে। যেহেতু তিনি (বর্তমান রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ) দুই টার্ম থেকেছেন, সংবিধান অনুযায়ী তিনি আর বেশি থাকতে পারেন না। সেহেতু নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হবে। এখন পর্যন্ত সংবিধান পাল্টানোর কোনো পরিকল্পনা সরকারের নেই।’
বিএনপির শীর্ষ নেতাদের জামিন প্রসঙ্গে আইনমন্ত্রী বলেন, ‘আদালতের কাজে আইন মন্ত্রণালয় তো নয়ই, সরকারের অন্য কোনো মন্ত্রণালয়ও হস্তক্ষেপ করছে না। আদালত যদি মনে করে থাকে যে জামিন দেওয়া যাবে, আদালত জামিন দিয়েছে। যদি মনে করে থাকে যে জামিন দেওয়া যাবে না, তখন দেয়নি।’
