নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মো. আহসান হাবিব খান বলেছেন, আধুনিক প্রযুক্তি আমাদের সুন্দর পথ দেখাচ্ছে। এই প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে সুন্দরভাবে ভোটাধিকার নিশ্চিত করা, গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠা ও সুষ্ঠু ভোটের মাধ্যমে একজন যোগ্য জনপ্রতিনিধি নির্বাচিত করার লক্ষ্যে বর্তমান নির্বাচন কমিশন কাজ করে যাচ্ছে। গতকাল বৃহস্পতিবার সকালে খুলনা নগরীর সিএসএস আভা সেন্টারে ‘নির্বাচনে আধুনিক প্রযুক্তি ব্যবহারে চ্যালেঞ্জসমূহ এবং উত্তরণের উপায়’ শীর্ষক দিনব্যাপী কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। নির্বাচন কমিশন সচিবালয়ের সক্ষমতা বৃদ্ধি ও শক্তিশালীকরণ (এসসিডিইসিএস) প্রকল্পের আওতায় এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, প্রশাসন-পুলিশ, শিক্ষকসহ সকলের সম্মিলিত প্রচেষ্টায় একটি সুষ্ঠু ও সুন্দর নির্বাচন উপহার দেওয়া সম্ভব। নির্বাচনের মতো বৃহৎ কর্মযজ্ঞ কেবল একক কোনো সংস্থার মাধ্যমে সুষ্ঠুভাবে বাস্তবায়ন করা সম্ভব নয়। তথ্যপ্রযুক্তি ব্যবহারের মধ্যমে এক্ষেত্রে বিদ্যমান চ্যালেঞ্জগুলো অতিক্রম করতে হবে।
