অপহৃত রাবি ছাত্র উদ্ধার, গ্রেপ্তার ৫

আপডেট : ০৮ জানুয়ারি ২০২৩, ১২:১৮ এএম

অপহরণের শিকার রাজশাহী বিশশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের ছাত্র রাতুল কুমার বর্মনকে উদ্ধার করেছে পুলিশ। তাকে অপহরণ করে মুক্তিপণ আদায়ের অভিযোগে ৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার রাতে নগরের হড়গ্রাম বাজারের একটি ভবন থেকে রাতুলকে উদ্ধার এবং অভিযুক্তদের গ্রেপ্তার করা হয়।

অপহরণকারীরা বিভিন্ন কলেজ বিশ্ববিদ্যালয়ের ছাত্র বলে পুলিশ জানিয়েছে। পুলিশ জানায়, রাতুল রাজশাহীর গোদাগাড়ী উপজেলার চান্দলাই গ্রামের মৃত অসীম কুমার বর্মনের ছেলে। তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী। গ্রেপ্তাররা হলেন নগরীর রানীনগর হিন্দুপাড়ার পবন সরকার উদয় (১৯), হড়গ্রাম বাজার এলাকার দাউদ ইব্রাহিম সাফি (২২), একই এলাকার পলাশ কবির (২৬), হড়গ্রাম পালপাড়ার প্রবীণ পাল রুদ্র (২০) ও একই এলাকার ওয়াহিদুর রহমান নুর (২০)।

পুলিশ জানায়, রাতুলের সঙ্গে পবনের মোবাইল ফোনে পরিচয় হয়। সেই সূত্র ধরে শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টায় পবন তাকে ডেকে নিয়ে যান হড়গ্রাম কোর্ট স্টেশন মোড়ের জামিল চত্বরে। রাতুল সেখানে গিয়ে তার ছোট ভাই দিবাকর বর্মনের মেসে থাকা নিয়ে পবনের সঙ্গে কথা বলে ফেরার সময় তাকে অপহরণ করা হয়। এরপর হড়গ্রাম বাজারে দাউদ ইব্রাহিমের একতলা ভবনের নিচতলায় একটি কক্ষে আটকে  রেখে মারধর করা হয়। অপহরণকারীরা রাতুলের মোবাইল ফোন থেকে তার মাকে ফোন করে নিজেদের পুলিশ পরিচয় দিয়ে ৪০ হাজার টাকা দাবি করে।

রাতুলের মা বিকাশের মাধ্যমে ১০ হাজার টাকা পাঠান। কিন্তু বাকি টাকার জন্য তাকে আবার মারধর করা হয়। এক পর্যায়ে স্থানীয় এক বাসিন্দা টের পেয়ে পুলিশকে বিষয়টি জানান। রাত সাড়ে ১০টায় পুলিশ গিয়ে রাতুলকে উদ্ধার এবং অভিযুক্তদের আটক করে।

কাশিয়াডাঙ্গা থানার ওসি মশিউর রহমান জানান, এ ঘটনায় রাতুল ৫ জনের নামে মামলা করেছেন। তাদের আদালতের মাধ্যমে রাজশাহী কারাগারে পাঠানো হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত