দেশের ২৫ শতাংশ মানুষ উচ্চ রক্তচাপে ভুগছে

আপডেট : ০৯ জানুয়ারি ২০২৩, ০৬:৪১ এএম

দেশের মোট জনগোষ্ঠীর অন্তত ২৫ শতাংশ বা এক-চতুর্থাংশ মানুষ উচ্চ রক্তচাপে ভুগছে। উচ্চ রক্তচাপের কারণে বিভিন্ন অসংক্রামক রোগ, বিশেষ করে হার্ট অ্যাটাক এবং হার্ট ফেইলিওর রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি বাড়ছে। এ থেকে স্ট্রোক হতে পারে, যা থেকে মস্তিষ্কে রক্তক্ষরণ হতে পারে। এরকম ক্ষেত্রে রোগীর মৃত্যুর সম্ভাবনা থাকে। স্ট্রোক থেকে অন্ধত্ব, শরীরের বিভিন্ন প্রত্যঙ্গ অবশ হয়ে যাওয়া, এমনকি মৃত্যু পর্যন্ত হতে পারে।

গতকাল রবিবার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত ‘হারপারটেনশন’ শীর্ষক এক বৈজ্ঞানিক সেমিনারে এসব তথ্য জানানো হয়।

সেমিনারে উচ্চ রক্তচাপ প্রতিরোধে পরামর্শ দিয়ে চিকিৎসকরা বলেন, অবশ্যই সবাইকে সঠিকভাবে রক্তচাপ মাপতে হবে। এ ধরনের রোগীদের চিকিৎসকের দেওয়া নির্ধারিত প্রেসক্রিপশন অনুযায়ী ওষুধ সেবন করতে হবে।

চিকিৎসকরা আরও বলেন, উচ্চ রক্তচাপ প্রতিরোধের জন্য ধূমপান গ্রহণ ও অ্যালকোহল খাওয়া বন্ধ করতে হবে। নিয়মিত শরীরচর্চা করা উচিত। এ ছাড়া  ওজন কমানো, হৃদরোগ প্রতিরোধে খাবার লবণ কম খাওয়া, প্রতিদিন সবজি বা ফল খেতে হবে, খাদ্যে স্বাস্থ্যসম্মত তেল ব্যবহার, লাল মাংস কম খাওয়া, সুগার কম খাওয়া, মাছ খাওয়া এবং ওমেগা ও ফ্যাটি এসিডসমৃদ্ধ খাবার সপ্তাহে দুবার খেতে হবে।

এ ব্যাপারে বিএসএমএমইউর উপাচার্য অধ্যাপক ডা. শারফুদ্দিন আহমেদ বলেন, সব চিকিৎসকের হাইপারটেনশন সম্পর্কে জ্ঞান থাকতে হবে। অপারেশন করার আগে ব্লাড প্রেশার বেশি থাকলে অপারেশন করা যায় না। যে রোগীকে চিকিৎসা দেওয়া হচ্ছে, সে রোগীকে কত পর্যন্ত ব্লাড প্রেশার রাখা লাগবে তা অবশ্যই চিকিৎসককে জানতে হবে। যারা মোটা তাদের প্রেশার একরকম, স্মোকারদের প্রেশার একরকম হবে।

তিনি আরও বলেন, বাংলাদেশের এক-চতুর্থাংশ মানুষ হাইপারটেনশনে ভুগছেন। হাইপারটেনশন যাতে না হয় সেদিকে নজর দিতে হবে। হাইপারটেনশন হলে হার্ট অ্যাটাক, কার্ডিও মাইয়োপ্যাথি, নিউরোলজিক্যাল ডিস অর্ডার হয়ে স্ট্রোক এবং চোখে রেটিনোপ্যাথি ও নেত্রোপ্যাথি হবে। নিয়মিত রক্তচাপ মাপার পরামর্শ দিয়ে উপাচার্য বলেন, যারা বয়স্ক তাদের অবশ্যই নিয়মিত ব্লাড প্রেশার মাপতে হবে। যাদের বয়স ৩ থেকে ১০ বছর তাদের ব্লাড প্রেশার মাপতে হবে। যারা মোটা তাদের নিয়মিত ও যারা চিনি খান তাদের মাঝেমধ্যে প্রেশার মাপতে হবে। কাঁচা লবণ খাওয়া ছেড়ে দিতে হবে।

রক্তচাপ মাপার সঠিক নিয়ম সম্পর্কে সেমিনারে বলা হয়, শুধু বাংলাদেশ নয়, সারা বিশ্বের একটি বড় বোঝা হাইপারটেনশন। হাইপারটেনশনসহ সব রোগের চিকিৎসা শুরু হয় রোগ নির্ণয়ের প্যারামিটার বা পরিমাপ দিয়ে। এ জন্য পরিমাপটা যথাযথ হতে হয়। ব্লাড প্রেশার মাপার পূর্ব শর্ত হলো, সঠিক মাপের কাপ ব্যবহার করা। বয়সভিত্তিক কাপ ফলো করা উচিত। রক্তচাপ অবশ্যই দুই হাতের বাহুতে মাপতে হবে। যদি দুটি হাতের রক্তচাপের তারতম্য থাকে তবে অবশ্যই যেটির চাপ বেশি সেটি সঠিক পরিমাপ হিসেবে নিতে হবে। রক্তচাপ মাপার রোগীকে অবশ্যই তার পেছনে ভরের সাপোর্ট নিয়ে বসতে হবে, পা আড়াআড়ি করে বসা যাবে না। রক্তচাপ মাপার আগে অবশ্য পাঁচ মিনিট আরামে চুপচাপ বসে থাকতে হবে।

সেমিনারে আরও বলা হয়, রক্তচাপ মিলিমিটার মার্কারি (এমএমএইচজি) ইউনিটে পরিমাপ করা হয় এবং সিস্টোলিক প্রেশার এবং ডায়াস্টোলিক প্রেশারÑ এ দুটি মানের মাধ্যমে প্রকাশ করা হয়। যার সংখ্যা বেশি, তাকে বলা হয় সিস্টোলিক চাপ এবং যার সংখ্যা কম, তাকে বলা হয় ডায়াস্টোলিক চাপ। সাধারণত একজন সুস্থ মানুষের আদর্শ রক্তচাপ ১২০/৮০ মিলিমিটার মার্কারি। এখানে ১২০ হলো সিস্টোলিক নম্বর এবং ৮০ হলো ডায়াস্টোলিক নম্বর।

সেমিনারে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের সেমিনারের সেন্ট্রাল সাব-কমিটির চেয়ারম্যান অধ্যাপক ডা. বেলায়েত হোসেন সিদ্দিকী। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সেন্ট্রাল সাব-কমিটির সদস্য সচিব নিউরোলজি বিভাগের সদস্য সচিব অধ্যাপক ডা. মো. শহীদুল্লাহ সবুজ ও রেসপেরিটোরি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. সম্প্রীতি ইসলাম।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত