প্রতিবাদী হানিফ বাংলাদেশি এখন কুড়িগ্রামে

আপডেট : ১২ জানুয়ারি ২০২৩, ০৩:১৬ এএম

‘বদলে যাও, বদলে দাও’ স্লোগান নিয়ে ঘুষ, দুর্নীতি, দুঃশাসন এবং অর্থ পাচার ও নৈতিক অবক্ষয়ের বিরুদ্ধে দেশের প্রতিটি জেলা ও উপজেলার প্রশাসনের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দেওয়ার কর্মসূচি হাতে নিয়েছেন মো. হানিফ। তিনি হানিফ বাংলাদেশি নামে পরিচিত। গতকাল বুধবার দুপুরে ৫৭তম জেলা হিসেবে কুড়িগ্রাম জেলা প্রশাসক এবং ৪৪৮তম উপজেলা হিসেবে কুড়িগ্রাম সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে স্মারকলিপি দিয়েছেন তিনি।

স্বাধীনতার ৫১ বছর ধরে চলমান দুর্নীতি, দুঃশাসনের বিরুদ্ধে চলমান এই কর্মসূচির অংশ হিসেবে দেশের ৬৪ জেলা ও ৪৯৫ উপজেলা প্রদক্ষিণ করে, জেলা প্রশাসক এবং উপজেলা নির্বাহী কর্মকর্তাদের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দেবেন বলে জানিয়েছেন মো. হানিফ। তিনি বলেন, ‘এ কাজ আমি গত ৫ জুন কক্সবাজারের টেকনাফ উপজেলা থেকে শুরু করেছি। প্রতিদিন ৩ উপজেলা প্রদক্ষিণ করে ৩০ জানুয়ারি পঞ্চগড় জেলার তেঁতুলিয়া উপজেলায় গিয়ে কর্মসূচি সমাপ্ত করব।’

কর্মসূচি সম্পর্কে হানিফ আরও বলেন, ‘সমাজ ও রাষ্ট্রব্যবস্থার সর্বক্ষেত্রে সামাজিক, পারিবারিক ও মানবিক মূল্যবোধের চরম অবক্ষয় চলছে। ভোট, গণতন্ত্র, আইনের শাসনের ওপর আগের সরকারে যারা ছিলেন, সে সময়েও নগ্ন হস্তক্ষেপ হয়েছে। ঘুষ, দুর্নীতি, অর্থ পাচার হয়েছে। সামাজিক, পারিবারিক ও মানবিক মূল্যবোধের অবক্ষয় আগেও ছিল, এখন আরও বেড়ে চরম আকার ধারণ করেছে। আমাদের দেশের কৃষক উৎপাদনশীল, শ্রমিকরা পরিশ্রমী, ছাত্র-যুবকেরা মেধাবী কিন্তু দুর্বৃত্তায়িত রাজনীতি, দুর্নীতিগ্রস্ত রাজনীতিবিদ, দুর্নীতিগ্রস্ত সরকারি আমলা, দুর্নীতিগ্রস্ত বড় বড় ব্যবসায়ী লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করে আমাদের সব অর্জনকে ব্যাহত করছেন। এত সম্ভাবনা থাকার পরেও দেশ যতটুকু এগিয়ে  যাওয়ার কথা, ততটুকু যাচ্ছে না। দেশে অবকাঠামোগত অনেক উন্নয়ন হচ্ছে, কিন্তু মানবিক মূল্যবোধের পতন হচ্ছে।’ হানিফ বাংলাদেশির সঙ্গে কথা বলে আরও জানা যায়, তিনি দেশের নানা অসংগতি নিয়ে সব সময় প্রতিবাদ করে থাকেন।

৫১ বছর ধরে চলা দুর্নীতি-দুঃশাসনের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবিতে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দেওয়ার উদ্যোগ নিয়ে কর্মসূচি শুরু করেছেন। তার এই কর্মসূচিতে দেশবাসী, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সাংবাদিকদের সার্বিক সহযোগিতা কামনা করছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত