তথ্যমন্ত্রী হাছান মাহমুদ বলেছেন, জামায়াত ও হেফাজতের সঙ্গে আওয়ামী লীগের সমঝোতার বিষয় নিয়ে প্রশ্ন তোলা অবান্তর। গতকাল শুক্রবার সকালে রাজশাহী সার্কিট হাউজ প্রাঙ্গণে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। মন্ত্রী বলেন, ‘বিএনপির আন্দোলনের ঘোষণা হাঁকডাক ছাড়া কিছু নয়। হাঁস ডিম পাড়ার আগে যেমন হাঁকডাক করে, আন্দোলন নিয়ে বিএনপিও তেমনি হাঁকডাক করে।’
আগামী ২৯ জানুয়ারি রাজশাহীতে আওয়ামী লীগের জনসভায় প্রধান অতিথি থাকবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জনসভা সফল করার লক্ষ্যে রাজশাহী মেডিকেল কলেজ অডিটোরিয়ামে বিভাগীয় প্রতিনিধি সভায় যোগ দেন তথ্যমন্ত্রী। সেখানে যোগ দেওয়ার আগে রাজশাহী সার্কিট হাউজে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তথ্যমন্ত্রী। জামায়াতে ইসলামী ও হেফাজতের সঙ্গে আওয়ামী লীগের সমঝোতা হচ্ছে কি না, সাংবাদিকের এমন প্রশ্নে তথ্যমন্ত্রী হাছান মাহমুদ বলেছেন, এ বিষয়ে প্রশ্ন করা অবান্তর। আওয়ামী লীগ বাংলাদেশে অসাম্প্রদায়িক ও মুক্তিযুদ্ধের চেতনার প্রতীক। সে লক্ষ্যে দেশ বিনির্মাণের কাজ চলছে। বিদ্যুতের দাম বাড়ানো নিয়ে তথ্যমন্ত্রী বলেন, ‘সারা বিশ্বে বিদ্যুতের যা দাম, সে হারে আমাদের দেশে বাড়ানো হয়নি।’
মন্ত্রী আরও বলেন, ‘আমরা জনগণের রায় নিয়ে সরকার গঠনের পর থেকেই বিএনপি কঠোর, কঠোরতর এবং বিভিন্ন সময় নানা ধরনের নাম দিয়ে আন্দোলনের ঘোষণা দিয়েছে। একবার আন্দোলন করার পর বলে যে শীতের পরে আন্দোলন হবে, গ্রীষ্মের পরে হবে, বর্ষার পরে হবে, বার্ষিক পরীক্ষার পরে হবে। এভাবে নানা টাইম তারা দিয়েছে বিভিন্ন সময়। ১৪ বছর ধরে তারা যে ঘোষণা দিয়েছে, আগামী ১৬ জানুয়ারি থেকে তাদের সেটার ধারাবাহিকতা ছাড়া কিছু না। আমরা জনগণকে নিয়ে রাজনীতি করি, আমাদের ভিত্তি জনগণ। সমগ্র বাংলাদেশে যে সাম্প্রতিক সমাবেশ-জনসভাগুলো করেছি, সেখানে লক্ষ লক্ষ মানুষের সমাবেশ। জনগণ যে আমাদের সাথে আছে, সেটি সাম্প্রতিক সময়ে বিভিন্ন সভা-সমাবেশে প্রতীয়মান হয়েছে। কয়েক দিন আগে বিএনপি যে অবস্থান কর্মসূচি পালন করল, সেখানে দেখা গেছে যত হাঁকডাক দিয়েছিল, হাঁস ডিম পাড়ার আগে অনেক হাঁকডাক দেয়, হাঁস যখন ডিম পাড়ে, ডিম পাড়ার আগে অনেক হাঁকডাক দেয়, কয় দিন আগের তাদের সমাবেশ আর ১৬ তারিখের সমাবেশ বা মিছিল ওই হাঁসের ডিম পাড়ার আগে যে হাঁকডাক দেয়, এটা ছাড়া অন্য কিছু না।’
তথ্যমন্ত্রী বলেন, ‘আগামী ২৯ জানুয়ারি রাজশাহীতে যে জনসভা হতে যাচ্ছে, সেদিন রাজশাহী শহর লোকে লোকারণ্য হয়ে যাবে। আমরা যদিও মাদ্রাসা মাঠে সমাবেশের ডাক দিয়েছি, কিন্তু পুরো শহরটাই সেদিন সমাবেশে রূপান্তরিত হবে। লক্ষ লক্ষ মানুষের সমাবেশ হবে।’
