মৌলভীবাজারের কুলাউড়ায় ঢাকাগামী আন্তঃনগর জয়ন্তিকা এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে আলভি (৮) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
বুধবার (১৮ জানুয়ারি) দুপুর ১২টার দিকে উপজেলার বরমচাল ইউনিয়নের খাদিমপাড়া এলাকার রেললাইনে এ ঘটনা ঘটে। নিহত শিশু আলভি ওই এলাকার শামীম উদ্দিনের ছেলে।
খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে কুলাউড়া রেলওয়ে থানা পুলিশ।
রেলওয়ে থানার এসআই রবিন খাঁন জানান, বুধবার দুপুর ১২টার দিকে সিলেট থেকে ছেড়ে আসা ট্রেন বরমচাল থেকে কুলাউড়ার দিকে যাচ্ছিল। ট্রেনটি বরমচালের খাদিমপাড়া এলাকায় পৌঁছলে শিশু আলভি ট্রেন দেখে দৌড়ে রেললাইন পার হতে গিয়ে ট্রেনে কাটা পড়ে। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
তিনি আরও জানান, পরিবারের আবেদনের প্রেক্ষিতে লাশ ময়নাতদন্ত ছাড়াই লাশ হস্তান্তর করা হয়েছে।
