সংবাদ সম্মেলনে ফখরুল

ডোনাল্ড লু’র বক্তব্য নিয়ে মিথ্যাচার করেছে সরকার

আপডেট : ১৯ জানুয়ারি ২০২৩, ০২:০৬ এএম

সম্প্রতি বাংলাদেশ সফর করা যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু’র বক্তব্য নিয়ে সরকার মিথ্যাচার করেছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেছেন, ‘ডোনাল্ড লু’র ঢাকা সফর নিয়ে ঢাকায় মার্কিন দূতাবাস গত মঙ্গলবার যে বিবৃতি দিয়েছে, এ সফরকে ব্যাখ্যা বা বিশ্লেষণ করার জন্য সেটিই যথেষ্ট।’ গতকাল বুধবার দুপুরে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন মির্জা ফখরুল।

সাংবাদিকদের প্রশ্ন ছিল, মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রীর সফরের বিষয়ে আপনাদের (বিএনপি) পর্যবেক্ষণ কী? জবাবে মির্জা ফখরুল বলেন, ‘সরকার মিডিয়াকে এড়িয়ে, জোর করে একটা কথা বলতে চেয়েছে জনগণের সামনে যে মার্কিন যুক্তরাষ্ট্র তার অবস্থান পরিবর্তন করেছে এবং তারা নিষেধাজ্ঞা (র‌্যাবের ওপর আরোপিত) তুলে নেবে এবং বাংলাদেশের সরকার গণতান্ত্রিকভাবে নির্বাচন করতে চায়। বিষয়টি তেমন নয়। আসলে অতীতেও আওয়ামী লীগের জনবিচ্ছিন্ন এ সরকার, তারা সব সময় মিথ্যাচার করে এসেছে। অত্যন্ত দুঃখের ও লজ্জার বিষয়, এই মিথ্যাচারটা তারা করেছে মার্কিন যুক্তরাষ্ট্রের সহকারী পররাষ্ট্রমন্ত্রী যাওয়ার সঙ্গে সঙ্গে। মার্কিন দূতাবাস সেটার প্রতিবাদও জানিয়েছে।’

তিনি আরও বলেন, ‘আমরা বরাবরই যেটা মনে করি, বিদেশের শক্তির ওপর নির্ভর করে কখনো গণতন্ত্রকে প্রতিষ্ঠা করা যায় না। জনগণের শক্তির ওপরই এখানে গণতন্ত্রকে পুনঃপ্রতিষ্ঠা করা হয়েছে বরাবরই এবং এবারও জনগণ সরকারের বিরুদ্ধে জেগে উঠেছে। জনগণ সব বাধা-বিপত্তি, হত্যা, অত্যাচার-নির্যাতনকে উপেক্ষা করে শান্তিপূর্ণভাবে তাদের যে প্রতিবাদ, সেটা তারা জানাচ্ছে এবং সেভাবে তারা সংগঠিত হচ্ছে।’

বিএনপির মহাসচিব বলেন, ‘মার্কিন যুক্তরাষ্ট্র, চীন, রাশিয়া কিংবা ভারতই হোক না কেন তারা কী বলবে না বলবে বিষয়টি নিঃসন্দেহে একটা জিও-পলিটিক্যাল সিচুয়েশন থেকে। আমরা যেটা লক্ষ করছি, গণতন্ত্রের ব্যাপারে মার্কিন যুক্তরাষ্ট্রের যে কমিটমেন্ট, সেই কমিটমেন্ট অত্যন্ত দৃঢ়তার সঙ্গে তারা প্রকাশ করেছে, এবং একটি সুষ্ঠু নির্বাচন, গ্রহণযোগ্য নির্বাচন, একটি অংশীদারমূলক নির্বাচনের ব্যাপারেও তারা তাদের যে মন্তব্য, তারা অবশ্যই সেটা করেছেন।’

এ প্রসঙ্গে ঢাকায় সহকারী মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর দেওয়া বক্তব্যের দিকে ইঙ্গিত করে মির্জা ফখরুল বলেন, ‘ডোনাল্ড লু বলেছিলেন যুক্তরাষ্ট্র গণতন্ত্র ও মানবাধিকার সুরক্ষার বিষয়ে প্রতিশ্রুতিবদ্ধ। কোথাও কোনো সমস্যা দেখলে আমরা কথা বলব এবং কোথাও পরামর্শ দেওয়ার থাকলে আমরা দেব। আমরা যেখানে গণতন্ত্র ক্ষতিগ্রস্ত হয়, সেখানে কথা বলব এবং আমরা আমাদের পরামর্শের কথা জোর দিয়ে বলব। সে পরামর্শ তারা দিয়ে গেছেন।’

সহকারী মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লুর ঢাকা সফরের সময় তার সঙ্গে বিএনপির কোনো যোগাযোগ হয়েছিল কি না বা যোগাযোগের চেষ্টা করেছিল কি না, জানতে চাইলে মির্জা ফখরুল বলেন, ‘না, আমাদের সঙ্গে কোনো যোগাযোগ হয়নি। সে ধরনের কোনো কর্মসূচিও ছিল না। আপনারা দেখেছেন, এর আগেও যদি এ ধরনের কোনো কর্মসূচি থাকে, সে ক্ষেত্রে তারা আগেই আমাদের জানান দিয়েছে, আমরা গেছি। এবার কোনো রাজনৈতিক দলের সঙ্গেই তারা কোনো যোগাযোগ করেনি।’

নিষেধাজ্ঞা দিলে আমরা আনন্দিত হই না : ‘যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা না দেওয়ায় বিএনপি নেতারা হতাশ হয়েছেন’- আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের এমন বক্তব্যের প্রতিক্রিয়ায় মির্জা ফখরুল বলেন, ‘আমরা কি প্রত্যাশা করেছিলাম তা কীভাবে ওনারা জানেন। আমরা নিষেধাজ্ঞার ব্যাপারে আনন্দিত হইনি। বারবার বলেছি, এই নিষেধাজ্ঞা মানেই হচ্ছে আমাদের জন্য, বাংলাদেশের জন্য লজ্জাজনক। এই নিষেধাজ্ঞা তো আসলে সরকারের ওপর। কারণ, সরকারের নির্দেশে এ সমস্ত ঘটনাগুলো ঘটেছে, র‌্যাবের গুমের ঘটনাগুলো। মার্কিন যুক্তরাষ্ট্র কী দিল না দিল, এটা বিষয় না। নিষেধাজ্ঞা দিচ্ছে জনগণ এবং সামনে জনগণ সে নিষেধাজ্ঞাকে বাস্তবায়িত করবে।’

এক সাংবাদিক জানতে চান, আগামী নির্বাচন সুষ্ঠু করার ব্যাপারে সরকার যুক্তরাষ্ট্রকে আশ্বস্ত করেছে, এ বিষয়ে বিএনপির প্রতিক্রিয়া কী। জবাবে মির্জা ফখরুল ইসলাম বলেন, ‘কাজে এবং কথায় কতটুকু মিল হবে, সেটা দেখতে হলে আমাদের অপেক্ষা করতে হবে।’

একই দিন আওয়ামী লীগকে কর্মসূচি না দেওয়ার আহ্বান: সংবাদ সম্মেলনে বিএনপির কর্মসূচির দিন আওয়ামী লীগের কর্মসূচি ঘোষণা করার তীব্র সমালোচনা করে মির্জা ফখরুল বলেন, ‘বিএনপির কর্মসূচির দিনে আওয়ামী লীগ যেন কর্মসূচি না দেয়। একই দিনে কর্মসূচি দিলে কোনো পরিস্থিতির তৈরি হলে এর দায় আওয়ামী লীগকে নিতে হবে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত