ছুটির দিনে মুখর সোনারগাঁয়ের লোকজ উৎসব

আপডেট : ২১ জানুয়ারি ২০২৩, ০২:০৭ এএম

গতকাল শুক্রবার সাপ্তাহিক ছুটির দিনে দর্শনার্থীদের পদচারণে মুখরিত ছিল নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশন আয়োজিত লোকজ উৎসব।

দেশের বিভিন্ন স্থান থেকে বিপুলসংখ্যক দর্শনার্থী এ উৎসবে আসেন। গত বুধবার সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের মাসব্যাপী এ উৎসবের উদ্বোধন করেন। চিরায়ত বাংলার গ্রামীণ ঐতিহ্য ও সংস্কৃতিকে বর্তমান প্রজন্মের কাছে তুলে ধরতেই প্রতি বছর ফাউন্ডেশন কর্তৃপক্ষ এ উৎসবের আয়োজন করে আসছে।

উৎসবের মূল আকর্ষণ কর্মরত কারুশিল্প প্রদর্শনীতে উৎসুক দর্শনার্থীর প্রচ- ভিড় লক্ষ করা গেছে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা কারুশিল্পীরা এ উৎসব চত্বরে তাদের কারুপণ্য তৈরি ও বিক্রি করছেন। সাধারণ মানুষ এ কারুপণ্য তৈরির কলাকৌশল দেখে মুগ্ধ হচ্ছেন।

গতকাল সকাল ৯টা থেকে রাত ৮টা পর্যন্ত দর্শনার্থীর ঢল ছিল চোখে পড়ার মতো। বিপুল দর্শনার্থীর চাপে উৎসব চত্বরের সামনের সড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। এতে দর্শনার্থীসহ স্থানীয়রা বেশ ভোগান্তিতে পড়ে।

দর্শনার্থীর ব্যাপক উপস্থিতিতে কারুশিল্পীরা বেশ খুশি। টেপা পুতুল তৈরির কারুশিল্পী সুবোধ চন্দ্র জানান, দর্শনার্থী বেশি হওয়ায় তুলনামূলকভাবে বিক্রিও বেড়েছে।

বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের উপপরিচালক রবিউল ইসলাম জানান, হারিয়ে যাওয়া ঐতিহ্য ও সংস্কৃতিকে নতুন প্রজন্মের কাছে পরিচয় করিয়ে দেওয়ার জন্যই মাসব্যাপী এ মেলার আয়োজন।

আগামী ১৬ ফেব্রুয়ারি পর্যন্ত মেলা চলবে। মেলা খোলা থাকবে সকাল ৯টা থেকে রাত ৮টা পর্যন্ত।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত