বিএনপির খোকনের বাড়িতে ছাত্রদলের ‘পদবঞ্চিতদের’ আগুন

আপডেট : ২৭ জানুয়ারি ২০২৩, ০৭:৩৫ এএম

বিএনপির যুগ্ম মহাসচিব ও নরসিংদী জেলা বিএনপির আহ্বায়ক খায়রুল কবির খোকনের বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। গতকাল বৃহস্পতিবার রাত ৯টার দিকে সদর উপজেলার চিনিশপুর এলাকায় খোকনের বাড়িতে ওই হামলা হয়।

বাড়িটি জেলা বিএনপির অস্থায়ী কার্যালয় হিসেবে ব্যবহার করা হয়। নরসিংদী জেলা ছাত্রদলের কমিটি ঘোষণার পর তাতে স্থান না পাওয়া নেতাকর্মীরা এই হামলা চালায় বলে বিএনপির একাধিক নেতাকর্মী জানিয়েছেন।

জানা গেছে, গতকাল বিকেলে সিদ্দিকুর রহমান নাহিদকে সভাপতি ও মেহেদী হাসান রিফাতকে সাধারণ সম্পাদক করে নরসিংদী জেলা ছাত্রদলের পাঁচ সদস্যের কমিটি ঘোষণা করা হয়।

এতে স্থান না পেয়ে ‘পদবঞ্চিতদের’ মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে রাত ৯টার দিকে চিনিশপুরে তিতাস গ্যাস অফিসের সামনে থেকে ২০-২৫ জনের একটি দল ছাত্রদলের নতুন কমিটি প্রত্যাখ্যানের স্লোগান দিয়ে মশালসহ খোকনের বাড়ির দিকে এগোতে থাকে। এ সময় তাদের অনেকের হাতে লাঠি ও চাপাতি ছিল। তারা মিছিল নিয়ে খোকনের বাড়ির প্রধান ফটকের পকেটগেট ভেঙে ভেতরে ঢোকে। এরপর বিএনপি অফিসের ভেতরের ব্যানার ও ফেস্টুন ছিঁড়ে ফেলে। তারা ভবনের জানালার কাচ ভেঙে মশাল নিক্ষেপ করলে ভেতরে থাকা চেয়ারসহ অফিসের আসবাবপত্রে আগুন লেগে যায়। সবশেষে হামলাকারীরা মিছিল নিয়ে জেলখানার দিকে চলে যায়। পরে আশপাশের লোকজন এসে আগুন নেভায়।

হামলার বিষয়ে বাড়ির কেয়ারটেকার কাজল বলেন, ‘আমি ভবনের ভেতরে ছিলাম। হঠাৎ একটি মিছিলের শব্দ শুনতে পেলাম। তারা গেট ভেঙে ভেতরে ঢুকে ব্যাপক ভাঙচুর করেছে।’

এদিকে হামলার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান জেলা বিএনপির সদস্য সচিব মঞ্জুর এলাহীসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতারা। জেলা বিএনপির সদস্য সচিব মঞ্জুর এলাহী বলেন, ‘জেলা ছাত্রদলের কমিটি ঘোষণা করায় পদবঞ্চিতদের মাঝে কিছুটা উত্তেজনা ছিল। কিন্তু এ ঘটনার সঙ্গে তারা জড়িত কি না বলতে পারছি না। বাড়ির সিসি ক্যামেরা দেখে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত