জন্মনিবন্ধন জালিয়াতি নারীসহ দুজন গ্রেপ্তার

আপডেট : ২৭ জানুয়ারি ২০২৩, ০৭:৪৮ এএম

চট্টগ্রামে জন্মনিবন্ধন সনদ জালিয়াতির ঘটনায় এক নারীসহ দুজনকে গ্রেপ্তার করেছে নগর পুলিশের কাউন্টার টেররিজম ইউনিট (সিটিইউ)। গতকাল বুধবার নগরের ইপিজেড এবং চট্টগ্রাম সিটি করপোরেশনের ১১ নম্বর পাহাড়তলী ওয়ার্ড এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত দুজন হলেন রাকিব হোসেন হিমেল (২৭) ও মনি দেবী (৩৫)। তাদের কাছ থেকে জন্ম নিবন্ধন তৈরিতে ব্যবহৃত দুটি কম্পিউটার, দুটি প্রিন্টার ও একটি মুঠোফোন সেট জব্দ করেছে সিটিইউ।

গতকাল বৃহস্পতিবার বিকেলে গ্রেপ্তার দুজনকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে সিটিইউর অতিরিক্ত উপকমিশনার আসিফ মহিউদ্দিন গতকাল সন্ধ্যায় জানান, বুধবার বিকেলে জন্মনিবন্ধনের মূল কপি সংগ্রহ করতে মনি দেবী যান চট্টগ্রাম সিটি করপোরেশনের ১১ নম্বর পাহাড়তলী ওয়ার্ড কার্যালয়ে। এসময় সিটিইউর সদস্যরা মনি দেবীর কাগজপত্র জব্দ করেন। এরপর সার্ভারে নথি পর্যালোচনা দেখেন তার জন্মনিবন্ধনটি জালিয়াত চক্রের তৈরি করা।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে মনি দেবী স্বীকার করেন যে, তার জন্মনিবন্ধনটি সরবরাহ করেছেন নগরের ইপিজেড থানার একটি দোকানি মো. রাকিব হোসেন ওরফে হিমেল। এরপর অভিযান চালিয়ে ইপিজেড এলাকা থেকে হিমেলকে গ্রেপ্তার করে সিটিইউ সদস্যরা।

জিজ্ঞাসাবাদে মনি দেবী অপরাধ স্বীকার করে সিটিইউ কর্মকর্তাদের জানান, তার (মনি দেবী) আগের একটি জন্মনিবন্ধন থাকা সত্ত্বেও পদবি ও বয়স কমিয়ে হিমেলের মাধ্যমে আরেকটি জন্মনিবন্ধন বানিয়েছেন তিনি। অবশেষে সেটি সংগ্রহ করতে এসে ধরা পড়েন।

দুজনের কাছ থেকে জব্দ করা কম্পিউটার ও মুঠোফোন পর্যালোচনা করে সিটিইউ কর্মকর্তা আসিফ মহিউদ্দিন দেশ রূপান্তরকে জানান, গ্রেপ্তার মো. রাকিব হোসেন হিমেল জন্ম নিবন্ধন সনদ জালিয়াত চক্রের সদস্য। তার সঙ্গে জালিয়াত চক্রের মূল হোতাদের যোগসাজশ পাওয়া গেছে। সে দীর্ঘদিন ধরে রেজিস্ট্রার জেনারেল অফিসের কেন্দ্রীয় সার্ভারে অনুপ্রবেশকারী চক্রের সঙ্গে যোগাযোগ করে জন্মনিবন্ধন সনদ তৈরি করে আসছিল। বিনিময়ে হাতিয়ে নিচ্ছিল টাকা।

গ্রেপ্তারের পর সিটিইউ কর্মকর্তাদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে দুজনই জন্মনিবন্ধন সনদ জালিয়াতির দায় স্বীকার করেছেন বলে জানান পুলিশ কর্মকর্তা আসিফ মহিউদ্দিন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত