ম্যানসিটির বিপক্ষে আর্সেনালের হোঁচট

আপডেট : ২৮ জানুয়ারি ২০২৩, ০২:২৯ পিএম

এফএ কাপের চতুর্থ রাউন্ডে ম্যানচেস্টার সিটির সঙ্গে পেরে উঠল না আর্সেনাল। তাদেরকে ১–০ গোলে হারিয়ে এফএ কাপের পঞ্চম রাউন্ডে উঠেছে পেপ গার্দিওলার শিষ্যরা।

সিটিকে জেতাতে ম্যাচের একমাত্র গোলটি করেছেন ডিফেন্ডার, ডাচ সেন্টার–ব্যাক নাথান আকে। ইতিহাদ স্টেডিয়ামে ৬৪ মিনিটে করা আকের গোলটি ছিল পুরোদস্তুর একজন স্ট্রাইকারের মতো। আর্সেনালের বক্সের মধ্যে বেশ কিছুক্ষণ বল নিয়ে ঘোরাঘুরি করে গ্রিলিশ ফাঁকায় পেয়ে যান আকেকে। গ্রিলিশ ছোট করে পাস দেন তাকে। পাসটি পেয়ে ন্যূনতম দেরি না করে দুজন ডিফেন্ডারের মাঝ দিয়ে দূরের পোস্ট দিয়ে বাঁকানো শটে বল জালে পাঠান আকে।

এভাবে পুরোদস্তুর একজন স্ট্রাইকারের মতো ঠান্ডা মাথার ফিনিশিংয়ের জন্য নয়, গার্দিওলা তাকে ব্যতিক্রমী বলেছেন অন্য কারণে, ‘আকের কী একটা মৌসুমই না যাচ্ছে। প্রিমিয়ার লিগের অন্যতম কঠিন প্রতিপক্ষকে সামলেছে সে। কারণ, বুকায়ো সাকার দারুণ সময় কাটছে। নিজেদের বক্সে প্রতিপক্ষের সঙ্গে লড়াইয়ে সে দুর্দান্ত। আর ওর সেট–পিসগুলো তো আমাদের জন্য বাড়তি বোনাস।’

গার্দিওলা এরপর যোগ করেন, ‘সে ব্যতিক্রমী এক ব্যক্তি। এমন সময় গেছে, সে খেলার সুযোগ পায়নি। এ নিয়ে ওর কোনো অভিযোগ ছিল না। একজন কোচ হিসেবে আপনি নাথানের (আকের) মতো খেলোয়াড়কে দলে চাইবেন। জীবনের সব ভালোই ওর প্রাপ্য।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত