মৃত তত্ত্বাবধায়ক ইস্যু নিয়ে কোনো রাজনৈতিক দলের রাস্তায় নামা ঠিক নয় বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। গতকাল শনিবার দুপুরে চাঁদপুর সদর উপজেলা পরিষদে অসহায় ও দুস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।
এ সময় মন্ত্রী বলেন, যেকোনো রাজনৈতিক দলের কর্মসূচি দেওয়ার অধিকার আছে। কিন্তু যেই ইস্যু মৃত, তা নিয়ে রাস্তায় নামতে চেষ্টা করা কতটা সঠিক কাজ এটাও তাদের ভেবে দেখতে হবে। তত্ত্বাবধায়ক সরকার ইস্যুটা পুরোপুরি মৃত এবং তা বহুদিন ধরেই মৃত। বিএনপিই এই তত্ত্বাবধায়ক সরকার বিতর্কিত করে নষ্ট করে পচিয়ে ফেলেছে। তারা এ পুরো ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে। যা সর্বোচ্চ আদালত এবং জনগণ দ্বারাও প্রত্যাখ্যাত হয়েছে। এখন আবার সেই তত্ত্বাবধায়ক সরকারের দাবি তোলা একেবারেই অনৈতিক ও অযৌক্তিক। বিএনপির অতীতের রেকর্ড খারাপ, নিকট অতীতের রেকর্ডও খারাপ। মানুষের কাছে তাদের কোনো স্থান নেই। যেহেতু তাদের আর কোনো ইস্যু নেই, তাই তারা মরিয়া হয়ে যেকোনো ইস্যু দাঁড় করানোর চেষ্টা করছে।
আগামী নির্বাচনে সব রাজনৈতিক দল নির্বাচনে অংশগ্রহণ করবে আশাবাদ ব্যক্ত করে মন্ত্রী বলেন, একটি রাজনৈতিক দল হিসেবে টিকে থাকতে হলে নির্বাচনে আসতে হয়। আমি আশা করব সব রাজনৈতিক দল নির্বাচনে আসবে, সুষ্ঠুভাবে নির্বাচনে অংশ নেবে। সবসময় জনগণের রায় মেনে নেবে।
অনুষ্ঠানে সদর উপজেলার বিভিন্ন গরিব ও অসহায় নারী-পুরুষের হাতে শীতবস্ত্র তুলে দেন অতিথিরা। এ সময় সদর উপজেলা চেয়ারম্যান নূরুল ইসলাম নাজিম দেওয়ান, উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা শাহনাজ, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ইয়াসির আরাফাতসহ অতিথিরা উপস্থিত ছিলেন।
