বাংলাদেশ সফরে এসে মার্চে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ ও সমান সংখ্যক টি-টোয়েন্টি খেলবে ইংল্যান্ড। সফর সূচিতে প্রস্তুতি ম্যাচও ছিল। তবে নতুন সিদ্ধান্ত অনুযায়ী কোনো প্রস্তুতি ম্যাচ খেলবে না ইংলিশরা।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজন বিষয়টি নিশ্চিত করেছেন। দুই বোর্ডের সমঝোতার মাধ্যমেই বাতিল হয়েছে প্রস্তুতি ম্যাচ।
সূচি অনুযায়ী ১ মার্চ থেকে শুরু হবে ওয়ানডে সিরিজ। তার আগে ২৪ ও ২৬ ফেব্রুয়ারি দুটি প্রস্তুতি ম্যাচ খেলার কথা ছিল ইংলিশদের।
নিজামউদ্দিন চৌধুরী বলেন, ‘আমরা সিরিজের আগে প্রস্তুতি ম্যাচের পরিকল্পনা করেছিলাম। সেটা সিলেটে হওয়ার কথা ছিল। কিন্তু ইংল্যান্ড দল শুধু আনুষ্ঠানিক ম্যাচগুলো খেলতে চাইছে। কোনো প্রস্তুতি ম্যাচ এবার হচ্ছে না।’
ওয়ানডে সিরিজের প্রথম দুই ম্যাচ হবে ঢাকার মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে। দ্বিতীয় ওয়ানডে হবে ৩ ফেব্রুয়ারি। এরপর ৬ ফেব্রুয়ারি চট্টগ্রামে হবে তৃতীয় ও শেষ ওয়ানডে।
৯ ফেব্রুয়ারি চট্টগ্রামে প্রথম টি-টোয়েন্টি অনুষ্ঠিত হবে। ১২ ও ১৪ ফেব্রুয়ারি মিরপুরে হবে সিরিজের শেষ দুটি টি-টোয়েন্টি।
পূর্ব ঘোষিত সূচীতে ২০ ফেব্রুয়ারি বাংলাদেশে পা রাখার কথা ছিল ওয়ানডে ও টি-টোয়েন্টির বিশ্ব চ্যাম্পিয়নদের। তবে পরিবর্তিত সূচীতে ইংল্যান্ড দলের খেলোয়াড়রা বাংলাদেশে আসবেন ২৪ ফেব্রুয়ারি।
