স্বেচ্ছাসেবক দলের ঢাকা মহানগর উত্তর শাখার সাধারণ সম্পাদক আজিজুর রহমান মোসাব্বিরকে কারাফটক থেকে তুলে নেওয়ার ঘটনায় নিন্দা ও উদ্বেগ জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, ‘জামিন পাওয়ার পর কারাফটকে আবার গ্রেপ্তার মানবাধিকারের চরম লঙ্ঘন।’ গতকাল শুক্রবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ কথা বলেন।
গত বৃহস্পতিবার সন্ধ্যায় জামিনে মুক্তি পান মোসাব্বির। কিন্তু তাকে কারাফটক থেকে সাদা পোশাকধারী আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী একটি সাদা মাইক্রোবাসে তুলে নেওয়ার অভিযোগ উঠেছে।
বিবৃতিতে বিএনপি মহাসচিব বলেন, ‘অবৈধ সরকার তাদের পতনের আন্দোলনকে দমনের জন্য এসব তরুণ ও সাহসী নেতাকর্মীকে তুলে নিয়ে ভয়ভীতি প্রদর্শন করে আন্দোলন বন্ধ করতে চায়। আজিজুর রহমান মুসাব্বিরকে এর আগেও সরকার গুম করে রেখেছিল, একাধিকবার গ্রেপ্তারও করেছিল। বিরোধী শক্তিকে নির্মূল করার জন্য রাষ্ট্রযন্ত্রকে নির্মমভাবে অপব্যবহার করছে বর্তমান নিশিরাতের সরকার।’
মির্জা ফখরুল বলেন, ‘সরকারের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোসাব্বিরকে তুলে নিয়ে যাওয়ায় তার পরিবারের সদস্যরাও গভীর উৎকণ্ঠায় রয়েছেন।’ বিবৃতিতে তিনি অবিলম্বে আজিজুর রহমানকে তার পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার জোর দাবি জানিয়েছেন।
