অর্থনৈতিক চাপের নেপথ্যে বৈশ্বিক পরিস্থিতির চেয়ে অভ্যন্তরীণ দায়ই বেশি বলে জানিয়েছেন পরিকল্পনা প্রতিমন্ত্রী শামসুল আলম।
এ পরিস্থিতির জন্য রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে পরিবর্তিত বিশ্ব ব্যবস্থাকে দায়ী করে আসছিল সরকার। এই প্রথম অন্য আরেকটি ব্যাখ্যা পাওয়া গেল যদিও অভ্যন্তরীণ সংকটের বিস্তারিত ব্যাখ্যা দেননি প্রতিমন্ত্রী।
তিনি বলেন, অর্থনৈতিক সংকট যতটা না বৈশ্বিক সৃষ্টি, তার চেয়ে বেশি অভ্যন্তরীণ।
অর্থনৈতিক এই সংকট থেকে বের হয়ে আসতে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) থেকে সরকার যে ঋণ নিচ্ছে, সেটি দেশের জন্য ইতিবাচক হবে বলেও মনে করেন প্রতিমন্ত্রী।
শনিবার (৪ ফেব্রুয়ারি) রাজধানীর মহাখালী ব্র্যাক সেন্টারে বেসরকারি গবেষণা সংস্থা সাউথ এশিয়ান ইকোনমিক মডেলিংয়ের (সানেম) বার্ষিক অর্থনীতিবিদ সম্মেলনে বক্তব্যে এসব কথা বলেন তিনি।
তিনি বলেন, আইএমএফ আর্থিক খাতে যৌক্তিক সংস্কার প্রস্তাব করেছে। সে অনুসারে ধারাবাহিক সংস্কার করা হচ্ছে। প্রস্তাব ইতিবাচকভাবে নেওয়ায় অন্যান্য দাতা সংস্থাও ইন্টারেস্ট দেখাচ্ছে।
রাজনীতি ব্যবসায়ীদের হাতে চলে গেছে এমন সমালোচনার জবাবে পরিকল্পনা প্রতিমন্ত্রী বলেন, রাজনীতি রাজনীতিবিদদের হাতেই আছে, তবে সংসদে অনেক সদস্যই ব্যবসায়ী।
দুই দিনের এই সম্মেলনে দক্ষিণ এশিয়াসহ বিভিন্ন অঞ্চলের দেড়শ অর্থনীতিবিদ অংশ নিচ্ছেন। সম্মেলনে ২৩টি অধিবেশনে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীসহ অর্থনীতি-গবেষকরা ৮০টি প্রবন্ধ উপস্থাপন করবেন।
