প্রিমিয়ার লিগে জয়ের ধারায় ফিরল শেখ রাসেল ক্রীড়াচক্র। আজমপুর ফুটবল ক্লাব উত্তরাকে হারিয়ে আসরে তৃতীয় জয়ের স্বাদ পেল দলটি।
বসুন্ধরা কিংস অ্যারেনায় শনিবার অনুষ্ঠিত ম্যাচটিতে জিততে বেশ ঘাম ঝড়াতে হয় শেখ রাসেলকে। ১-০ ব্যবধানে জিতে দলটি।
৫৫তম মিনিটে স্পট কিক থেকে একমাত্র গোলটি করেন চার্লস দিদিয়ের।
ম্যাচের ৬৬তম মিনিটে উত্তরা ক্লাবের রায়হান সরাসরি লাল কার্ড দেখে মাঠ ছাড়েন। ফলে দশ জনের দলে পরিণত হয় এফসি উত্তরা।
সাত ম্যাচে তিন জয় ও এক ড্রয়ে ১০ পয়েন্ট নিয়ে টেবিলের পঞ্চম স্থানে আছে শেখ রাসেল। উত্তরা এনিয়ে ষষ্ঠ হারের স্বাদ পেল। সাত ম্যাচে মাত্র ১ পয়েন্ট নিয়ে টেবিলের তলানিতে তারা।
দিনের আরেক ম্যাচে রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস অ্যান্ড সোসাইটিকে ২-০ গোলে হারিয়েছে পুলিশ এফসি। গোল করেছেন মালিকোভ ও মাতেও।
এই জয়ে পয়েন্ট টেবিলে তৃতীয় স্থানে উঠে এসেছে পুলিশ। ৮ ম্যাচে ১২ পয়েন্ট তাদের। আর সাত ম্যাচে চতুর্থ হারের স্বাদ পাওয়া রহমতগঞ্জ ৫ পয়েন্ট নিয়ে টেবিলের নবম স্থানে রয়েছে।
