প্রশ্ন ফাঁসে বুয়েটের নিখিল রঞ্জনকে গ্রেপ্তারে পরোয়ানা

আপডেট : ০৬ ফেব্রুয়ারি ২০২৩, ০৫:৪৪ এএম

রাষ্ট্রায়ত্ত পাঁচ ব্যাংকের নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় বাংলাদেশ প্রকৌশল বিশ^বিদ্যালয়ের (বুয়েট) শিক্ষক অধ্যাপক নিখিল রঞ্জন ধরের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আদেশ এসেছে আদালত থেকে। এ ঘটনায় নিখিল রঞ্জনসহ অন্য আসামিদের বিরুদ্ধে সম্পূরক অভিযোগপত্র আমলে নিয়ে গতকাল রবিবার ঢাকা মহানগর হাকিম শহিদুল ইসলাম এ আদেশ দেন।

গত ২৯ জানুয়ারি নিখিল রঞ্জনসহ ১৬ জনকে আসামি করে সম্পূরক অভিযোগপত্র জমা দেয় ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি)।

২০২১ সালের ৬ নভেম্বর বাংলাদেশ ব্যাংকের ব্যাংকার্স সিলেকশন কমিটির আওতায় রাষ্ট্রায়ত্ত পাঁচ ব্যাংকে অফিসার (ক্যাশ) নিয়োগের প্রাথমিক পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে ১ হাজার ৫১১টি পদের বিপরীতে ১ লাখ ১৬ হাজার ৪২৭ জন প্রার্থী অংশ নেন। তবে, পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ ওঠার পর ডিবির পক্ষে মামলা করা হয়। তদন্ত শেষে গত বছরের নভেম্বরে ১৫ জনের বিরুদ্ধে ডিবি পুলিশ আদালতে অভিযোগপত্র দিলেও সেখানে নিখিল রঞ্জনের নাম ছিল না। অভিযোগপত্র থেকে শিক্ষক নিখিল রঞ্জনকে বাদ দেওয়ার বিষয়ে গত ২৫ জানুয়ারি জানতে চায় আদালত। গত ২৯ জানুয়ারি তাকে অভিযুক্ত করে সম্পূরক অভিযোগপত্র জমা দেয় ডিবি।

প্রশ্নপত্র ফাঁসের এ ঘটনায় দায় স্বীকার করে ছয়জন আসামি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। একাধিক আসামির জবানবন্দিতে নিখিল রঞ্জনের নাম আসে। বুয়েটের ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যান ছিলেন নিখিল রঞ্জন। প্রশ্ন ফাঁসের তদন্তে নাম আসায় তাকে এ পদ থেকে অব্যাহতি দিয়ে কোনো পরীক্ষায় দায়িত্ব পালন না করার নির্দেশ দেয় বুয়েট কর্র্তৃপক্ষ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত