দুর্যোগকালীন সময়ে উপকূলীয় অঞ্চলের শিশুদের সুরক্ষায় সরকারের গৃহীত বিভিন্ন পদক্ষেপের প্রশংসা করেছেন সুইডিশ রাষ্ট্রদূত অ্যালেক্স বার্গ ফন লিন্ডে। মঙ্গলবার বিকেলে কলাপাড়ার মহিপুরে জেলা তথ্য অফিসের সচেতনতামূলক অনুষ্ঠানে অংশগ্রহণ করেন তিনি। এ সময় তার সাথে ছিলেন ইউনিসেফ বাংলাদেশের চিফ শেলডন ইয়েটসহ একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধিদল।
অনুষ্ঠান শেষে মতবিনিময়কালে উপকূলীয় অঞ্চলের শিশুদের সুরক্ষায় বাংলাদেশ সরকারের পদক্ষেপের প্রশংসা করে রাষ্ট্রদূত বলেন, আশ্রয়কেন্দ্রগুলো অধিকতর নিরাপদ ও সুরক্ষিত করতে সকলের কাজ করা উচিত। তার দেশ সব সময়ই বাংলাদেশের মানুষের পাশে ছিল এবং থাকবে বলেও জানান তিনি।
পটুয়াখালীতে তিন দিনের সফরের দ্বিতীয় দিনে রাষ্ট্রদূত ও প্রতিনিধিদল মাল্টিমিডিয়া প্রজেক্টরের মাধ্যমে স্থানীয় ঝুঁকিপূর্ণ নাগরিকদের নিয়ে সচেতনতামূলক অনুষ্ঠানে ডকুমেন্টারি প্রদর্শনী ও সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন। এ সময় তারা শিক্ষার্থী ও স্থানীয়দের সাথে কথা বলেন।
এ সময় সুইডিশ দূতাবাস ও ইউনিসেফ বাংলাদেশের প্রতিনিধি, জেলা তথ্য অফিসের উপপরিচালক অনিমেষ কান্তি হাওলাদার, পটুয়াখালী জেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আব্দুস সালাম আরিফ ও পটুয়াখালী ইয়ুথ ফোরামের সদস্যরা উপস্থিত ছিলেন।
