কঠিন সপ্তাহ শুরু করছে পিএসজি

আপডেট : ০৭ ফেব্রুয়ারি ২০২৩, ১০:০৫ পিএম

চোটের কারণে তিন সপ্তাহের জন্য ছিটকে গেছেন কিলিয়ান এমবাপ্পে। নেইমারও দলের সবশেষ দুই ম্যাচে ছিলেন না। এরই মধ্যে কঠিন এক সপ্তাহ অপেক্ষা করছে পিএসজির জন্য। যার শুরুটা বুধবার ফ্রেঞ্চ কাপে মার্শেইয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে। এরপর আছে লিগ ম্যাচ এবং চ্যাম্পিয়ন্স লিগের খেলা।

ফ্রেঞ্চ কাপের সবচে সফল দল পিএসজি মেসি-নেইমার-এমবাপ্পেকে নিয়েও রাউন্ড ১৬ থেকে বিদায় নিয়েছিল। এবার একই পর্যায়ে টুর্নামেন্টের দ্বিতীয় সফল দল মার্শেইয়ের মুখোমুখি তারা। টানা ১০ ম্যাচ অপরাজিত থাকার পর রবিবার নিসের কাছে হারে মার্শেই।

মার্শেই মিডফিল্ডার মাত্তেও গুয়েনদোজু বলছেন, নিসের কাছে হারলেও পিএসজির বিপক্ষে ম্যাচে আত্মবিশ্বাসী আছে দল। পিএসজিকে পরতে হবে পরীক্ষায়। এরপর শনিবার লিগ ম্যাচ খেলতে পিএসজি যাবে মোনাকোর মাঠে। বিশ্বকাপ বিরতির পর লিগে অপরাজিত আছে দলটি। পয়েন্ট টেবিলে আছে চারে। পিএসজির সঙ্গে তাদের পয়েন্টের ব্যবধান অবশ্য ১০। এরপর বড় পরীক্ষা। চ্যাম্পিয়ন্স লিগ শেষ ষোলোর প্রথম লেগে মঙ্গলবার রাতে পিএসজি খেলবে বায়ার্ন মিউনিখের বিপক্ষে।

পিএসজির জন্য সুখবর অনুশীলনে ফিরেছেন নেইমার। আজ মার্শেইয়ের বিপক্সে খেলার সম্ভাবনা আছে ব্রাজিলিয়ান এই ফরোয়ার্ডের। চোটে পড়ার আগে দারুণ ছন্দে ছিলেন নেইমার। শেষ ম্যাচেও একটি গোল করেছেন। সব প্রতিযোগিতা মিলিয়ে এই মৌসুমে ২৫ ম্যাচে ১৭ গোল, ১৫ অ্যাসিস্ট তার। নেইমারের সঙ্গে অনুশীলনে ফিরেছেন তুলুজের বিপক্ষে লিগ ম্যাচ মিস করা সার্জিও রামোসও।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত