ভয়াবহ ভূমিকম্পে যখন ভবন ধূলিসাৎ, লাশের সারি তখন কংক্রিটের জঞ্জালে শোনা গেল এক সদ্য ভূমিষ্ঠের কান্না। ৭ দশমিক ৮ মাত্রা ভূমিকম্পে সিরিয়ার আলেপ্পোর ধ্বংসস্তূপের নিচে জন্ম নিল এক শিশু, কিন্তু এই ফুটফুটে মুখখানি দেখা হলো না মায়ের। জানা গেছে, আলেপ্পো অঞ্চলের জিনদায়ার্স শহরে একটি ধ্বংসস্তূপে জন্ম নিয়েছে শিশুটি। কিন্তু তার মাসহ পরিবারের আর কেউ বেঁচে নেই।
গতকাল মঙ্গলবার কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার ফেইসবুক পেজে নবজাতকটি উদ্ধারের ভিডিওটি প্রকাশ করা হয়। সেখানে দেখা যায়, এক উদ্ধারকারী শিশুটিকে হাতে নিয়ে দৌড়াচ্ছেন। নবজাতকটিকে ঢাকতে অন্য এক উদ্ধারকারী একটি চাদর ছুড়ে দিচ্ছেন। যুক্তরাজ্যের সংবাদমাধ্যম টেলিগ্রাফ জানায়, ধ্বংসস্তূপ থেকে উদ্ধার করার সময়ও সদ্য ভূমিষ্ঠ কন্যাশিশুটির নাভির সঙ্গে মায়ের নাড়ি ঝুলছিল। শিশুর বাবা-মা এবং চার ভাইবোনের কেউই বেঁচে নেই। শিশুটিকে নিকটস্থ হাসপাতালে নেওয়া হয়েছে।
এ ছাড়া সিরিয়ার সরমাদা এলাকায় ধ্বংসস্তূপ থেকে আরেকটি শিশুকে জীবিত উদ্ধারের খবর পাওয়া যায়। প্রায় ২০ ঘণ্টা পর উদ্ধার করা হয় তাকে। গত সোমবার স্থানীয় সময় ভোর ৪টা ১৭ মিনিটে তুরস্ক-সিরিয়ার সীমান্তবর্তী অঞ্চলে ভয়াবহ ভূমিকম্প আঘাত হানে। সে সময় দেশ দুটির অধিকাংশ মানুষ গভীর ঘুমে আচ্ছন্ন ছিলেন। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থার তথ্য বলছে, তুরস্ক, সিরিয়ার পাশাপাশি সাইপ্রাস, লেবানন, ইসরায়েল, মিসরেও অনুভূত হয়েছে ভূমিকম্পটি। এর কয়েক ঘণ্টার মধ্যে ৭ দশমিক ৫ মাত্রার কম্পনসহ শতাধিক আফটার শক আঘাত হেনেছে ওই অঞ্চলে।
