খুলনায় ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধকালে আমিন উদ্দিন শেখ হত্যা মামলায় আদালত দুজনকে যাবজ্জীবন সশ্রম কারাদন্ড দিয়েছে। একই সঙ্গে প্রত্যেককে ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও তিন মাসের সশ্রম কারাদন্ড দেওয়া হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে খুলনা জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মীর শফিকুল আলম এ রায় ঘোষণা করেন। দন্ডপ্রাপ্ত আসামিরা হলেন আমজাদ মিনা ও সাবাজ হালদার। রায় ঘোষণার সময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন।
আদালত সূত্র জানায়, মুক্তিযুদ্ধের সময় ১৯৭১ সালের ১৯ অক্টোবর রাতে আসামি শাবাজ হালদার, আমজাদ মিনা ও জলিল হাওলাদারসহ অজ্ঞাতনামা আরও পাঁচ-ছয়জন রাইফেল, বন্দুক ও রামদাসহ ধারালো অস্ত্রের মুখে আমিন উদ্দিন শেখকে তার রূপসা থানার চাঁদপুর গ্রামের বাড়ি থেকে ধরে নিয়ে যায়। পরে তারা তাকে বাড়ির অদূরে একটি পুকুরপাড়ে নিয়ে বুকে গুলি করে ও ধারালো অস্ত্র দিয়ে মাথা কেটে হত্যা করেন। হত্যার পর মাথা পুকুরে ফেলে দিয়ে আসামিরা চলে যান। পরদিন সকালে পুকুর থেকে খ-িত মাথা দেখে খুলনায় বসবাসরত বাদীর বড় ভাই বর্তমানে মৃত শেখ নিজাম উদ্দিনকে সংবাদ দিলে খুলনা থানা পুলিশের সহায়তায় লাশ উদ্ধার করে ময়নাতদন্ত করা হয়।
ওই সময় নিহতের পরিবারের সদস্যের জীবননাশের হুমকির কারণে এবং পরিবেশ না থাকায় মামলা করতে পারেনি। পরে সরকার নতুন করে আইনানুগভাবে সুযোগ প্রদান করায় নিহত আমিন উদ্দিনের ছেলে মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট শেখ মোহাম্মদ আলী বাদী হয়ে ২০১০ সালে পিতার হত্যার বিচারের দাবি জানিয়ে আদালতে নালিশি দরখাস্ত দায়ের করেন। আদালতের নির্দেশে রূপসা থানার ওসি মামলা রুজু করেন।
আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট এনামুল হক বলেন, ‘এ মামলার তিন আসামির মধ্যে জলিল হাওলাদার মৃত্যুবরণ করেছেন। এ ছাড়া সাক্ষ্য-প্রমাণ শেষে আদালত আসামি শাবাজ হালদার ও আমজাদ মিনাকে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছেন। এটি একটি দৃষ্টান্তমূলক বিচার।’
