আইজিপি বললেন

যেকোনো চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত পুলিশ

আপডেট : ০৮ ফেব্রুয়ারি ২০২৩, ০৪:৫০ এএম

থানাকে আক্ষরিক অর্থে জনগণের আশ্রয়স্থল হিসেবে গড়ে তোলার জন্য পুলিশ কমিশনার, রেঞ্জ ডিআইজি, জেলা পুলিশ সুপার ও ইউনিট কমান্ডারদের নির্দেশ দিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন।

তিনি গতকাল মঙ্গলবার সকালে যশোর পুলিশ লাইনসে বিশেষ কল্যাণ সভায় প্রধান অতিথির বক্তব্যে এ নির্দেশ দেন। সভায় রেঞ্জাধীন সব জেলার পুলিশ সুপার, বিভিন্ন ইউনিটের প্রধান এবং বিভিন্ন পদবির পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

আইজিপি বলেন, পুলিশের সেবা প্রদানের মূলকেন্দ্র থানা। দেশের সম্মানিত নাগরিকগণ যাতে সহজে, নির্ভয়ে থানায় আসতে পারেন, তাদের সমস্যার কথা বলতে পারেন এবং প্রার্থিত সেবা গ্রহণ করতে পারেন; সেজন্য আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে।

তিনি বলেন, থানায় নারী, শিশু, বয়স্ক ও প্রতিবন্ধীদের সহজে সেবা প্রদানের লক্ষ্যে বিশেষ ডেস্ক স্থাপন করা হয়েছে। পুলিশপ্রধান হিসেবে থানার সেবা প্রদানকে সর্বোচ্চ গুরুত্ব দিতে চাই।

আইজিপি বলেন, যারা একেবারে সাধারণ মানুষ, খেটে খাওয়া মানুষ, নিরীহ, গরিব, নারী তাদের জন্য থানাকে আমি বিচার পাওয়ার স্থান হিসেবে দেখতে চাই। এর জন্য প্রধান ও প্রথম কাজ হবে জনগণের সঙ্গে ভালো ব্যবহার ও তাদের কথা শোনা এবং অতি দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা। এক্ষেত্রে যেকোনো ব্যত্যয় গ্রহণযোগ্য হবে না বলে দৃঢ়কণ্ঠে উচ্চারণ করেন আইজিপি।

তিনি বলেন, উন্নত-সমৃদ্ধ স্মার্ট বাংলাদেশের উপযোগী স্মার্ট পুলিশ গঠনের যে নির্দেশনা প্রধানমন্ত্রী দিয়েছেন সেজন্য আমাদের মানুষের কাছাকাছি যেতে হবে। প্রধানমন্ত্রীর প্রত্যাশা পূরণের মাধ্যমে বঙ্গবন্ধুর জনগণের পুলিশ হওয়ার জন্য আমাদের সকলকে একযোগে কাজ করতে হবে।

চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বলেন, বাংলাদেশ পুলিশ এখন আগের চেয়ে অনেক এগিয়ে আছে। আগে তদন্ত ছিল সোর্সনির্ভর। প্রধানমন্ত্রীর ডিজিটাল বাংলাদেশের কল্যাণে এখন তদন্তে আধুনিক প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে বেশিরভাগ অপরাধের রহস্য উদঘাটিত হচ্ছে।

তিনি বলেন, প্রধানমন্ত্রী ঘোষিত জিরো টলারেন্স নীতিতে জঙ্গিবাদ, সন্ত্রাসবাদ দমনে আমরা সবাই একযোগে কাজ করেছি বলেই দেশে আজ স্থিতিশীল আইনশৃঙ্খলা পরিস্থিতি বিরাজ করছে। দেশাত্মবোধে উজ্জীবিত হয়ে পুলিশ অতীতে যেভাবে দায়িত্ব পালন করেছে আগামী দিনেও যেকোনো চ্যালেঞ্জ মোকাবিলার সক্ষমতা পুলিশের রয়েছে বলে উল্লেখ করেন আইজিপি।

সভায় বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্য প্রশাসনিক এবং অপারেশনাল বিষয় তুলে ধরেন। সভায় এপিবিএনের অতিরিক্ত আইজিপি ড. হাসান উল হায়দার, খুলনা রেঞ্জের ডিআইজি মঈনুল হক, কেএমপি কমিশনার মো. মাসুদুর রহমান ভূঞা, যশোর জেলার পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদার প্রমুখ বক্তব্য রাখেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত