দক্ষিণ খানে কষ্টিপাথরের মূর্তি উদ্ধার

আপডেট : ০৮ ফেব্রুয়ারি ২০২৩, ০৫:৩০ পিএম

রাজধানীর দক্ষিণ খান এলাকা থেকে ২০ কেজি ওজনের কষ্টিপাথরের মূর্তি উদ্ধার করা হয়েছে। গতকাল রাত ১২টার দিকে স্থানীয় সাংবাদিকদের সহায়তায় মধ্য গাওয়াইর এলাকা থেকে খণ্ডিত এ মূর্তি উদ্ধার করা হয়।

আজ বুধবার (৮ ফেব্রুয়ারি) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন দক্ষিণখান থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জাহাঙ্গীর হোসেন খান।

তিনি দেশ রূপান্তরকে জানান, গতকাল স্পেশাল ব্রাঞ্চ (এসবি) অতিরিক্ত পুলিশ সুপার আহসানুজ্জামান (পিপিএম) সহকারী পরিদর্শক শেখ রাসেল ও মোতালি মিয়া এবং স্থানীয় কয়েকজন সাংবাদিকের সহযোগিতায় একটি মূর্তি উদ্ধার করা হয়। মূর্তিটি কষ্টিপাথরের কি না তা এই মুহূর্তে বলা যাচ্ছে না।

তিনি বলেন, আমরা এই মূর্তিটি হস্তান্তরের জন্য প্রত্নতত্ত্ব বিভাগের সঙ্গে যোগাযোগের চেষ্টা করছি। আজ না হয় আগামীকাল প্রত্নতত্ত্ব বিভাগে পাঠানো হবে। তারাই পরীক্ষা-নিরীক্ষা করে বলতে পারবে এটি কিসের তৈরি।

স্থানীয় সাংবাদিক মাহফুজ আলম খোকন দেশ রূপান্তরকে জানান, গতকাল রাত ৮টার দিকে স্থানীয় কয়েকজন সাংবাদিক জানতে পারেন মধ্য গাওয়াইর এলাকার মৃত সিরাজুল ইসলামের জমি থেকে একটি কষ্টিপাথরের মূর্তি পাওয়া গেছে। রাত ১১টার দিকে সাংবাদিকেরা মূর্তির সন্ধান পান। পরে দক্ষিণ খান থানার সঙ্গে যোগাযোগ করা হয়। রাত ৩টার দিকে অতিরিক্ত পুলিশ সুপার আহসানুজ্জামান (পিপিএম) এবং সাংবাদিকদের উপস্থিতিতে দক্ষিণ খান থানায় পুলিশের কাছে তা হস্তান্তর করা হয়।

স্থানীয়রা জানান, পূর্বে এ এলাকায় প্রাচীন জমিদারদের বসবাস ছিল। তাই এটি তাদেরই ব্যবহৃত মূর্তি হতে পারে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত