রোনালদোর একাই চারে চার

আপডেট : ১১ ফেব্রুয়ারি ২০২৩, ০১:১৩ এএম

সৌদি প্রো-লিগে ক্রিশ্চিয়ানো রোনালদো গোলের খাতা খুলেছিলেন আগের ম্যাচে। তবে সেটি ছিল পেনাল্টি থেকে। অনেকে ধরে নিয়েছিলেন, মরুতে এসেও সিআরসেভেন জ্বলে উঠতে পারবেন না, গোলের জন্য ধুঁকতে হবে। সেই ধারণাকে ভুল প্রমাণ করলেন এক ম্যাচেই। বৃহস্পতিবার মক্কায় আল-নাসর ৪-০ গোলে হারিয়েছে আল-ওয়েহদাকে। যার চার গোলই করেছেন পর্তুগিজ তারকা।

ম্যাচের শুরুতে রোনালদো বেশ কয়েকবার বলে নিয়ন্ত্রণ হারান। তবে ২১ মিনিটে করেন প্রথম গোলটি। এই গোলে রোনালদো অনন্য এক মাইলফলকে পৌঁছান, ৫০০তম লিগ গোলের চূড়া স্পর্শ করেন। রোনালদো তার দ্বিতীয় গোলটি পান ৪০ মিনিটে। ৫৩ মিনিটে পেনাল্টি থেকে গোল করে ক্যারিয়ারের ৬১তম হ্যাটট্রিক পূরণ করেন। বয়স যত বেড়েছে তিন সংখ্যার এই ম্যাজিকাল ফিগারটা আরও আপন করে নিয়েছেন পাঁচবারের ব্যালন-ডি-অর জয়ী ফরোয়ার্ড। বয়স ৩০ হওয়ার আগে তার ছিল ৩০টি হ্যাটট্রিক। ৩০-এর পর বর্তমান ৩৮ এই আট বছরে করেছেন আরও ৩১টি। ৬১ মিনিটে দলের ও নিজের চতুর্থ গোলটি করে আল-ওয়েহদার মাঠে আল-নাসরের সমর্থকদের দারুণ এক উদযাপনের উপলক্ষ এনে দেন রোনালদো।

সৌদি আরবে দারুণভাবে জ্বলে ওঠার রাতে নিজেদের ভেরিফায়েড টুইটার অ্যাকাউন্ট টুইট করতে ভুলেননি পর্তুগাল অধিনায়ক, ‘চার গোল এবং ৫০০তম লিগ গোলে পৌঁছাতে পারার অনুভূতি অনন্য। এটা দলের দারুণ এক জয়।’ এ নিয়ে দীর্ঘ ক্যারিয়ারে এগারোবারের মতো এক ম্যাচে চার বা তার বেশি গোল করলেন রোনালদো। এর আগে সবশেষ ২০১৯ সালের সেপ্টেম্বরে ইউরো বাছাইয়ে লিথুয়ানিয়ার বিপক্ষে চার গোল করেছিলেন তিনি। ক্লাবের ম্যাচে এর আগে সবশেষ চার গোল করেছিলেন ২০১৮ সালের রিয়াল মাদ্রিদের হয়ে জিরোনার বিপক্ষে লা লিগায়।

পাঁচটি ভিন্ন লিগে খেলে রোনালদোর লিগ গোলসংখ্যা এখন ৫০৩টি। তার মধ্যে ১০৩টি ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে ইংলিশ প্রিমিয়ার লিগে, রিয়ালের হয়ে লা লিগায় ৩১১টি, সিরি’আ-তে জুভেন্তাসের হয়ে ৮১, পর্তুগিজ লিগে স্পোর্টিং লিসবনের হয়ে ৩টি এবং সৌদি প্রো লিগে নাসরের হয়ে ৫টি।

রোনালদোর এনে দেওয়া পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে এসেছে আল-নাসর। ১৬ ম্যাচে তাদের সংগ্রহ ৩৭। এক ম্যাচ বেশি খেলে সমান পয়েন্টে দুইয়ে আল-শাবাব।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত