বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের (বিপিএসএ) চলতি বছরের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির ১৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। গতকাল শুক্রবার ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগ থেকে কমিটির পূর্ণ তালিকা প্রকাশ করা হয়েছে। তবে গত ১৫ জানুয়ারি পূর্ণাঙ্গ কমিটি গঠিত হয়। এ ছাড়া গত ৭ জানুয়ারি পুলিশের স্পেশাল ব্রাঞ্চের অতিরিক্ত আইজিপি মো. মনিরুল ইসলাম এবং ঢাকা জেলার পুলিশ সুপার মো. আসাদুজ্জামান বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক হিসেবে পুনর্নির্বাচিত হন। পরে ১৫ জানুয়ারি সভাপতি ও সাধারণ সম্পাদক স্বাক্ষরে ১৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি করা হয়।
অতিরিক্ত আইজিপি (ইন্ডাস্ট্রিয়াল পুলিশ, ঢাকা) মো. মাহাবুবর রহমান, অতিরিক্ত আইজিপি (চলতি দায়িত্বে) হাবিবুর রহমানসহ (ট্যুরিস্ট পুলিশ, ঢাকা) ৯ জনকে পূর্ণাঙ্গ কমিটির সহসভাপতি নির্বাচিত করা হয়েছে। এ ছাড়া ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গুলশান বিভাগের উপকমিশনার (ডিসি) মো. আ. আহাদ, মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের ডিসি মো. ফারুক হোসেন, ডিএমপি ডিবি রমনা বিভাগের অতিরিক্ত উপকমিশনার (এডিসি) জুয়েল রানাসহ সাতজনকে যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে। কমিটিতে সাতজন সাংগঠনিক সম্পাদকসহ বিভিন্ন পদে ১৫১ সদস্য নির্বাচিত হয়েছেন।
বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন পুলিশ ক্যাডার সার্ভিসের সদস্যদের একটি গুরুত্বপূর্ণ সংগঠন।
