আগামী ১৮ ফেব্রুয়ারি দেশের সব মহানগরে পদযাত্রা কর্মসূচি পালন করবে বিএনপিসহ সমমনা সরকারবিরোধী রাজনৈতিক দলগুলো। গতকাল রবিবার এ কর্মসূচি ঘোষণা করা হয়।
গতকাল রাজধানীর শ্যামলী ক্লাব মাঠের সামনে ঢাকা মহানগর উত্তর বিএনপির পদযাত্রা-পূর্ব সংক্ষিপ্ত সমাবেশে দলটির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন এ কর্মসূচি ঘোষণা করে বলেন, ‘বিএনপিসহ চলমান যুগপৎ আন্দোলনে অংশ নেওয়া সমমনা দলগুলো এই পদযাত্রা কর্মসূচি পালন করবে। ওই দিন ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণে পৃথক পদযাত্রা কর্মসূচি অনুষ্ঠিত হবে।’
পদযাত্রা কর্মসূচি পালনের মাধ্যমে আগামী দিনের বৃহত্তর আন্দোলনের প্রস্তুতি নেওয়ার জন্য নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান তিনি। সংক্ষিপ্ত সমাবেশ শেষে বিকেল ৩টার দিকে শ্যামলী ক্লাব মাঠ থেকে ঢাকা উত্তর বিএনপির পদযাত্রা কর্মসূচি শুরু হয়। রিং রোড-শিয়া মসজিদ-তাজমহল রোড-নুরজাহান রোড-বিআরটিসি বাসস্ট্যান্ড মোড়-আল্লাহ করিম মসজিদ হয়ে বছিলা সাতরাস্তা মোড়ে গিয়ে পদযাত্রা শেষ হয়। এর আগে দুপুর থেকেই খন্ড খন্ড মিছিল নিয়ে নেতাকর্মীরা ক্লাব মাঠে এসে জড়ো হতে থাকেন। এ সময় বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা খালেদা জিয়ার মুক্তির দাবিতে স্লোগান দেন। এ ছাড়া আটক নেতাকর্মীদের মুক্তির দাবি জানান তারা।
পদযাত্রা কর্মসূচিতে ড. মোশাররফ ছাড়াও অংশ নেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু, ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আমান উল্লাহ আমান, সদস্য সচিব আমিনুল হক, দক্ষিণের আহ্বায়ক আব্দুস সালাম, মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক কমিটির প্রথম সদস্য তাবিথ আউয়ালসহ বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
১২-দলীয় জোটের পদযাত্রা : বিকেল ৩টায় বিজয়নগর পানির ট্যাংক সংলগ্ন রাস্তা থেকে শুরু হয়ে জাতীয় প্রেস ক্লাব পর্যন্ত ১২-দলীয় জোটের নেতাকর্মীরা পদযাত্রা করেন। পদযাত্রা শুরুর আগে কর্মসূচি ঘোষণা করেন জোটের শীর্ষ নেতা ও জাতীয় পার্টির (জাফর) চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দার।
এ সময় বাংলাদেশ জাতীয় দলের চেয়ারম্যান অ্যাডভোকেট সৈয়দ এহসানুল হুদা, বাংলাদেশ কল্যাণ পার্টির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) সৈয়দ মুহাম্মদ ইবরাহিম, বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ইরান, বাংলাদেশ এলডিপির ভাইস চেয়ারম্যান সৈয়দ ইবরাহিম রওনক, এনডিপির চেয়ারম্যান ক্বারী মুহাম্মদ আবু তাহের, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মহাসচিব মুফতি গোলাম মহিউদ্দিন ইকরাম, বাংলাদেশ মুসলিম লীগের (বিএমএল) চেয়ারম্যান অ্যাডভোকেট শেখ জুলফিকার বুলবুল চৌধুরী, জাগপার সাধারণ সম্পাদক ইকবাল হোসেন, ইসলামী ঐক্য জোটের জ্যেষ্ঠ ভাইস চেয়ারম্যান শওকত আমিন, বাংলাদেশ ইসলামিক পার্টির মহাসচিব আবুল কাশেম প্রমুখ।
