আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি-জামায়াত দেশে আবারও আগুনসন্ত্রাস শুরু করেছে। সিরাজগঞ্জে আওয়ামী লীগের শান্তি সমাবেশে হামলা হয়েছে।
গতকাল রবিবার বিকেলে রাজধানীর খিলগাঁও জোড় পুকুর মাঠে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ আয়োজিত শান্তি সমাবেশে এ কথা বলেন তিনি। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ‘শনিবার সারা দেশের ইউনিয়ন পর্যায়ে আওয়ামী লীগের শান্তি সমাবেশের কর্মসূচি ছিল। সেখানে দেখলাম সিরাজগঞ্জসহ কয়েক জায়গায় আগুনসন্ত্রাস চালানো হয়েছে। সিরাজগঞ্জে কয়েকটি গাড়ি পোড়ানো হয়েছে। এটা কারা করেছে? বিএনপি-জামায়াত আবারও আগুনসন্ত্রাস শুরু করেছে।’
তিনি বলেন, ‘বিএনপির আন্দোলনের স্রোত হারিয়ে গেছে। বিএনপির আন্দোলন এখন গুরুতর আহত। ক্ষমতার ময়ুর সিংহাসন ফিরে পেতে তারা মরিয়া হয়ে পড়েছে।’
তত্ত্বাবধায়কের দিবাস্বপ্ন দেখে কোনো লাভ নেই উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, ‘বিএনপি মার্কা তত্ত্বাবধায়ক সরকার আওয়ামী লীগ চায় না। বাংলাদেশে আর কোনো দিন তত্ত্বাবধায়ক সরকার ফিরবে না।’
তিনি বলেন, নারীদের মর্যাদা ও সম্মান দিয়েছে আওয়ামী লীগ। বিএনপি-জামায়াত ক্ষমতায় গেলে নারীরা স্বাধীনভাবে চলাফেরা করতে পারবেন না। দেশে আফগানি অবস্থা চালু করবে।
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বিদায়ী রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের প্রতি কৃতজ্ঞতা এবং দলের মনোনয়নপ্রাপ্ত রাষ্ট্রপতি প্রার্থী মো. সাহাবুদ্দিন চুপ্পুকে উষ্ণ অভ্যর্থনা জানান ।
ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি নুরুল আমিন রুহুলের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীর বিক্রম, কামরুল ইসলাম ও ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন, সংসদ সদস্য সাবের হোসেন চৌধুরী, আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়–য়া, ঢাকা মহানগর দক্ষিণের সাধারণ সম্পাদক হুমায়ূন কবির প্রমুখ। বাসস
