মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরুর আগে সেমিফাইনালের স্বপ্নের কথা বলেছিলেন বাংলাদেশ অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। টানা দুই হারে আসর শুরুর পর সেই স্বপ্ন ফিকে হয়ে যাওয়াটাই স্বাভাবিক। তবে বাংলাদেশের মেয়েরা হাল ছাড়তে নারাজ।
মঙ্গলবার রাতে অস্ট্রেলিয়ার বিপক্ষে হারের পর বাংলাদেশ অধিনায়ক জ্যোতি বলেন, ‘বাংলাদেশের মানুষের অনেক প্রত্যাশা আছে আমাদের প্রতি। তাদের হতাশ হওয়ারই কথা। তবুও বলব যে, আমরা হাল ছাড়ছি না, আপনারাও হাল ছাড়বেন না।’
গত রবিবার শ্রীলঙ্কার বিপক্ষে ৭ উইকেটে হেরেছিল বাংলাদেশ। অস্ট্রেলিয়ার বিপক্ষে তাদের হার ৮ উইকেটে। শ্রীলঙ্কার বিপক্ষে লড়াই জমাতে পারলেও শক্তিশালী অজিদের বিপক্ষে তা পারেনি জ্যোতি-সালমারা।
বাংলাদেশের দেওয়া ১০৮ রানের লক্ষ্য ১০ বল হাতে থাকতেই ছুঁয়ে ফেলে অস্ট্রেলিয়া।
গ্রুপ-১ এ থাকা বাংলাদেশ নিজেদের পরের ম্যাচ খেলবে নিউজিল্যান্ডের বিপক্ষে, আগামী শুক্রবার। মঙ্গলবার গ্রুপ পর্বের শেষ ম্যাচে তাদের প্রতিপক্ষ স্বাগতিক দক্ষিণ আফ্রিকা। যে ম্যাচগুলোতে ঘুরে দাঁড়ানোর স্বপ্ন দেখছেন বাংলাদেশ অধিনায়ক।
জ্যোতির কথায়, ‘আমরা কষ্ট করে যাচ্ছি। যদি সবকিছু ঠিক থাকে, আল্লাহ রহমত করেন, প্রক্রিয়া অনুসরণ যদি করতে পারি ও দল হিসেবে যদি পারফর্ম করতে পারি, তাহলে আমরা পরের ম্যাচে ভালো করতে পারি।’
