ফর্টিসের বিপক্ষে নাটকীয় পরাজয় মোহামেডানের

আপডেট : ১৮ ফেব্রুয়ারি ২০২৩, ০৯:১৪ পিএম

বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলের শুরু থেকেই ধুঁকছে মোহামেডান। দলে ভালো ফিনিশারের অভাব, রক্ষণভাগের অবস্থাও ভঙ্গুর। এমন দল নিয়ে আজ তারা খেলতে নেমেছিল নবাগত ফর্টিস এফসির বিপক্ষে। সেই দলটির কাছে তারা হেরে গেছে ৪-৩ গোলে।

কুমিল্লার শহীদ ধীরেন্দ্র নাথ দত্ত স্টেডিয়ামে ৭ গোলের দুর্দান্ত এক রোমাঞ্চকর ম্যাচ দেখেছেন দর্শকেরা। প্রথমার্ধে মাত্র একটি গোল হয়েছে। বাকি ৬টি গোল হয়েছে ম্যাচের দ্বিতীয়ার্ধে।

ম্যাচের শুরুতে দুই দল সমানে সমান লড়ছিল। কিন্তু ২১ মিনিটে বক্সের বাইরে মিনহাজেদুল আবেদিন বাল্লু ফাউলের শিকার হন। ফ্রি–কিকও নেন তিনিই। মোহামেডানের এই ডিফেন্ডারের নিখুঁত শট এরপর ফর্টিসের গোলরক্ষক মিতুল মারমাকে ফাঁকি দিয়ে খুঁজে নেয় জাল।

দ্বিতীয়ার্ধের শুরুতেই বক্সের ভেতর থেকে গড়ানো শটে ব্যবধান দ্বিগুণ করেন সোলেমান দিয়াবাতে। ততক্ষণে জয়ের স্বপ্ন দেখতে শুরু করে মোহামেডান। কিন্তু কে জানত ম্যাচের চেহারা বদলে যাবে এভাবে! গোল হজমের পর থেকেই ফর্টিসের ফুটবলারদের যেন গোলের নেশা পেয়ে বসে। পেয়ে বসে জয়ের নেশাও।

৬৪ মিনিটে মজিবুর রহমান সমতায় ফেরান ফর্টিসকে (২-২)। এরপর ৭০ মিনিটে আফগানিস্তানের ফরোয়ার্ড আমিরুদ্দিন শরীফির গোলে এগিয়ে যায় ফর্টিস। গোল শোধে মরিয়া মোহামেডান তখন আরও আক্রমণাত্মক খেলেছে।

আমির হোসেনের গোলে ৭৭ মিনিটে আবারও স্কোরলাইন ৩-৩ করে মোহামেডান। কিন্তু এই গোলের স্থায়িত্ব ছিল মাত্র দুই মিনিট। ৭৯ মিনিটে দানিলো কুইপ্পার গোলে (৪-৩) শেষ পর্যন্ত জয় নিয়েই মাঠ ছাড়ে ফর্টিস।

এই জয়ে ৯ ম্যাচে ১১ পয়েন্ট নিয়ে ষষ্ঠ স্থানে উঠে এল ফর্টিস। সমান ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে সপ্তম স্থানে নেমে গেলে সাদা-কালোরা। লিগে এ পর্যন্ত ৯ ম্যাচে মাত্র ২ জয়ের দেখা পেয়েছে মোহামেডান। ৪ ম্যাচ হেরেছে। ৩ ড্র।

ফর্টিসেরও এটি দ্বিতীয় জয়। মোহামেডানকে হারিয়ে পাঁচ ম্যাচ পর জয়ের মুখ দেখল ফর্টিস। ৯ ম্যাচে সব মিলিয়ে ২ জয়, ৫ ড্র ও ২ হার ফর্টিসের।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত