জয় নাকি ইয়াসির, কে হচ্ছেন হাথুরুর প্রথম পছন্দ?

আপডেট : ২১ ফেব্রুয়ারি ২০২৩, ০৩:৪৩ এএম

বিপিএল উৎসব শেষ হয়েছে। ঘরের মাঠে সিরিজ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছেন লিটন দাসরা। আগামী ১ মার্চ থেকে মিরপুরে শুরু হচ্ছে একদিনের সিরিজ। সেই সিরজকে সামনে রেখে ১৪ সদস্যের দল ঘোষণা করা হয়েছে। গত ১৬ ফেব্রুয়ারি ঘোষিত সেই দলে আছে নতুন মুখও।

সেই দল ঘোষণার ৪ দিন পর সোমবার রাতে ঢাকায় পৌঁছেছেন টাইগারদের প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে। আজ সকালেই বিসিবির সঙ্গে তার বসার কথা রয়েছে। সেখানে জাতীয় দল নিয়েও আলোচনা হতে পারে। আর সেই বৈঠকেই হাথুরু দলের ১৫তম সদস্যকে বেছে নিতে পারেন বলেও ধারণা করা হচ্ছে।

দেশের শীর্ষস্থানীয় একটি ইংরেজি দৈনিকের এক প্রতিবেদনে এই তথ্য জানা গেছে। প্রতিবেদনে জানানো হয়েছে, স্কোয়াডের ১৫তম ক্রিকেটারটি হতে পারেন মাহমুদুল হাসান জয় অথবা ইয়াসির আলি চৌধুরী।

নির্বাচক প্যানেলের এক সদস্য বলেছেন, ‘স্কোয়াডে ১৫তম ক্রিকেটার হিসেবে তাদেরকে অন্তর্ভুক্ত করার আগে অনুশীলনে দুই ক্রিকেটারকে পর্যবেক্ষণ করবেন হাথুরুসিংহে।’

ঘরের মাঠে সবশেষ সিরিজে ভারতের বিপক্ষে বাজে ফর্মে ছিলেন ইয়াসির আলি চৌধুরী। যে কারণে ইংল্যান্ড সিরিজের ১৪ সদস্যের স্কোয়াডে জায়গা ধরে রাখতে ব্যর্থ হন তিনি। তবে তাকে পুরোপুরি বাদ দিতে পারছেন না নির্বাচকরা। ইয়াসিরকে দলে অন্তর্ভুক্ত করার জন্য নির্দিষ্ট একটি মহল থেকে নির্বাচকদের চাপ প্রয়োগ করা হচ্ছে বলে জানা গেছে।

বিসিবির একটি সূত্র জানিয়েছে, নির্বাচক প্যানেলের একটি অংশ মাহমুদুল হাসান জয়কেও স্কোয়াডের ১৫তম সদস্য করার দাবি জানিয়েছিল। তবে আস্থা ভোট পায়নি। যে কারণ নির্বাচকরা এই দায়িত্বভারটা হাথুরুসিংহের পছন্দের ওপর ছেড়ে দিয়েছেন।

নাম প্রকাশ না করার শর্তে বিসিবির নির্বাচক কমিটির এক সদস্য বলেছেন, ‘আমরা জয় ও ইয়াসিরকে ওয়ানডে দলে অন্তর্ভুক্ত করতে চাই, কারণ দলে আমাদের একজন অতিরিক্ত ব্যাটসম্যান নিতে হবে। হাথুরুসিংহে কাল (আজ) আসবে, সে পর্যবেক্ষণ করে যাকে পছন্দ করবে তাকেই আমরা দলে নেব।’

গত বছর ঢাকা প্রিমিয়ার লিগে গাজী গ্রুপ ক্রিকেটার্সের হয়ে খেলেছেন জয়। ১৪ ম্যাচে ২৫.৫০ গড়ে তিনি করেছিলেন ৩৫৭ রান। এছাড়া ইয়াসির খেলেছিলেন প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের হয়ে। তিন ইনিংসে ব্যাট করে তিনি করেছিলেন মাত্র ৯৪ রান। সাম্প্রতিক ফর্মও তাদের পক্ষে কথা বলে না। তবে বিশেষ মহলের চাপের কারণে আজ হাথুরুসিংহের পছন্দের ক্রিকেটার হয়ে দুজনের একজন জাতীয় দলের ১৫ তম ক্রিকেটার হিসেবে ইংল্যান্ড সিরিজে অন্তর্ভুক্ত হয়ে যাবেন।

বাংলাদেশে প্রধান কোচ হিসেবে হাথুরুসিংহে দ্বিতীয় মেয়াদে দায়িত্বে ফিরছেন। ধারণা করা হচ্ছে দুই ক্রিকেটার প্রতিভা যাচাইয়ের জন্য নিজেদের মধ্যে একটি প্রস্তুতি ম্যাচেরও আয়োজন করা হতে পারে। শেষ পর্যন্ত যাকে বেছে নেওয়া হবে, তিনিই হবেন বাংলাদেশে দ্বিতীয় মেয়াদে আসার পর হাথুরুসিংহের বাছাই করা প্রথম ক্রিকেটার।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত