চলতি বছর আমানতের সুদের হার নির্ধারণের ক্ষমতা ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানকে দিয়েছে বাংলাদেশ ব্যাংক। অথচ গত ডিসেম্বরেই নির্দেশনা অমান্য করে ১০ আর্থিক প্রতিষ্ঠান ৮ শতাংশের বেশি সুদ দিয়েছে। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ হালনাগাদ প্রতিবেদন থেকে এসব তথ্য উঠে এসেছে।
তথ্য অনুযায়ী, বিদায়ী বছরের ডিসেম্বরে পিপলস লিজিং অ্যান্ড ফাইন্যান্সিয়াল সার্ভিসেস আমানতে সবচেয়ে বেশি সুদ দিয়েছে। এই প্রতিষ্ঠানটি আমানতের সুদের হার ছিল ১১ দশমিক ৪০ শতাংশ। আলোচিত এই সময়ে উত্তরা ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্টস ৯ দশমিক ৬৪ শতাংশ, ফাস্ট ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট ৯ দশমিক ১৩ শতাংশ এবং ফারইস্ট ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট ৯ দশমিক ০২ শতাংশ সুদ দিয়েছে। এছাড়া আভিভা ফাইন্যান্স ৮ দশমিক ৭৭ শতাংশ, প্রাইম ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট ৮ দশমিক ৬৮ শতাংশ, সিভিসি ফাইন্যান্স ৮ দশমিক ৬৩ শতাংশ, ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফাইন্যান্সিয়াল সার্ভিসেস ৮ দশমিক ৪১ শতাংশ, প্রিমিয়ার লিজিং অ্যান্ড ফাইন্যান্স ৮ দশমিক ২৩ শতাংশ এবং ফার্স্ট ফাইন্যান্স ৮ দশমিক ০৭ শতাংশ আমানতে সুদ দিয়েছে।
