অমর একুশে বইমেলার ২১তম দিন ছিল গতকাল মঙ্গলবার। আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস উপলক্ষে গতকাল মেলা শুরু হয় সকাল ৮টায়। ফলে ভাষাশহীদদের শ্রদ্ধা জানিয়ে সকাল থেকেই মেলায় আসতে শুরু করেন ক্রেতা-দর্শনার্থীরা। সন্ধ্যা নাগাদ মেলা হয়ে ওঠে মানুষের অরণ্য। দিনভর সাদা-কালো পোশাকের নারী-শিশু, তরুণ-তরুণীর উচ্ছ্বাস আর উল্লাসে মেতেছিল মেলা প্রাঙ্গণ। তবে মেলায় আসা দর্শনার্থীদের মধ্যে বই কেনার চেয়ে সেলফি তোলায় আগ্রহ ছিল বেশি। বিক্রেতারা হতাশা প্রকাশ করলেও এমন দিনে মেলায় আসাকে স্মরণীয় রাখতে উচ্ছ্বসিত ছিলেন দর্শনার্থীরা।
গতকাল সন্ধ্যায় অমর একুশে বইমেলায় গিয়ে দেখা যায়, গতকাল বইমেলা প্রাঙ্গণ ছিল লোকে-লোকারণ্য। মেলায় আসা অধিকাংশ দর্শক নিজেদের সেলফিবন্দি করতে ব্যস্ত সময় পার করেছেন। দলবদ্ধ হয়ে ফুড কর্নারে আনন্দ ভাগাভাগি করছেন।
রাজধানীর পুরান ঢাকা থেকে আসা সজল বলেন, ‘বইমেলা আমাদের কাছে এক আবেগের নাম। বন্ধুদের সঙ্গে মেলায় এসে আনন্দ ভাগাভাগি করা যায়। কর্মজীবনে প্রবেশ করলে এ সময় পাব না। যতটা সম্ভব সময়গুলোকে ফ্রেমে আটকে রাখছি।’
মিরপুর থেকে আসা প্রীতুল নামে একজন বলেন, ‘বান্ধবীরা মিলে কালো শাড়ি পরে ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছি। এরপর বইমেলায় এসেছি, যদিও এখানে আসার কোনো পূর্ব পরিকল্পনা ছিল না। তবে এসে খুব ভালো লাগছে এবং ভাবছি কয়েকটা বই কিনেই যাব।’
এদিকে প্রকাশকরা বলছেন, মাতৃভাষা দিবস উপলক্ষে মেলায় যে পরিমাণ লোকের সমাগম হয়েছে সেই পরিমাণ বই বিক্রি হচ্ছে না। যে পরিমাণে বই বিক্রি হচ্ছে তা স্বাভাবিক দিনের মতোই। শোভা প্রকাশের প্রকাশক মিজানুর রহমান দেশ রূপান্তরকে বলেন, ‘বইমেলায় আমার অভিজ্ঞতার ২৪ বছরে দেখে আসছি মাতৃভাষা দিবসের ছুটিতে তেমন বই বিক্রি হয় না। যে কয়টি বই বিক্রি হয় তা সপ্তাহের অন্যান্য স্বাভাবিক দিনের মতোই।
পাঠকের মধ্যে বুঝে বই কেনার সংস্কৃতি এখনো গড়ে ওঠেনি দাবি করে তিনি বলেন, ‘এবারের মেলায় সিরিয়াস পাঠক খুবই কম এসেছেন। যারা বই কিনছেন তাদের মধ্যে বইয়ের মান নিয়ে প্রশ্ন থাকছে না।’
অন্বেষা প্রকাশের বিক্রয়কর্মী মামুন বলেন, ‘বইমেলা এখন মানুষের জন্য বিনোদনের স্থান হয়ে উঠেছে। বই কেনার থেকে মেলা প্রাঙ্গণ ঘুরতে আসছেন অধিকাংশ দর্শক। খুব কম পাঠক আসছেন। গত একুশ দিনে দেখেছি, মানুষ মেলায় আসছেন, ঘুরছেন, ছবি তুলছেন। কিন্তু বই কিনছেন খুব কম।’
মেলায় লোকে-লোকারণ্য দেখে লেখক সৈয়দ আহসান কবীর দুঃখ প্রকাশ করে বলেন, ‘প্রাণের বইমেলায় মানুষের সমাগম ইতিবাচক। তবে যে পরিমাণে পাঠক আসছেন সে পরিমাণে বই বিক্রি হলে অন্তত শব্দযোদ্ধাদের উদ্দেশ্য সার্থক হতো।’
নতুন বই : গতকাল অমর একুশে বইমেলার ২১তম দিনে নতুন বই এসেছে ৩০৩টি।
শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস : মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে বাংলা একাডেমি বিস্তারিত কর্মসূচি গ্রহণ করে। একুশের প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে একাডেমির মহাপরিচালক কবি মুহম্মদ নূরুল হুদার নেতৃত্বে বাংলা একাডেমির পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করে দিনের কর্মসূচি শুরু হয়। সকাল ৮টায় বইমেলার মূলমঞ্চে অনুষ্ঠিত হয় স্বরচিত কবিতা পাঠের আসর। স্বরচিত কবিতা পাঠে প্রায় ১৫০ জন কবি কবিতা আবৃত্তি করেন। সভাপতিত্ব করেন কবি জাহিদুল হক।
বিকেল ৪টায় বইমেলার মূলমঞ্চে হয় অমর একুশে বক্তৃতা। স্বাগত ভাষণ দেন বাংলা একাডেমির সচিব এএইচএম লোকমান। অমর একুশে বক্তৃতার বক্তা ছিলেন প্রখ্যাত সাংস্কৃতিক ব্যক্তিত্ব রামেন্দু মজুমদার। বিদেশ সফরজনিত অনুপস্থিতিতে তার লিখিত বক্তৃতা পাঠ করেন তার মেয়ে ত্রপা মজুমদার। সভাপতিত্ব করেন বাংলা একাডেমির সভাপতি কথাসাহিত্যিক সেলিনা হোসেন।
লেখক বলছি অনুষ্ঠানে নিজেদের নতুন বই নিয়ে আলোচনা করেন মাসউদ আহমাদ, তানভীর সালেহীন ইমন, মোহাম্মদ নাজিম উদ্দিন ও শামীম আজাদ।
সাংস্কৃতিক অনুষ্ঠানে কবিতা পাঠ করেন সুজন বড়ুয়া, নভেরা হোসেন, রিমঝিম আহমেদ, মতিন রায়হান, নাজমুল হেলাল, সালমা বেগ, ইমরুল ইউসুফ, ইসমত শিল্পী, মায়াবী কাজল, গিয়াসউদ্দিন চাষা। আবৃত্তি পরিবেশন করেন আবৃত্তিশিল্পী জয়ন্ত চট্টোপাধ্যায়, রূপা চক্রবর্তী, আহ্কামউল্লাহ। ছিল ফকির সিরাজের পরিচালনায় সাংস্কৃতিক সংগঠন ‘ঋষিজ শিল্পীগোষ্ঠী’-এর পরিবেশনা। সংগীত পরিবেশন করেন শিল্পী রথীন্দ্রনাথ রায়, শিবু রায়, কল্যাণী ঘোষ, মহাদেব ঘোষ, আবদুল হালিম খান, স্বর্ণময়ী মণ্ডল এবং সোমা দাস। যন্ত্রাণুষঙ্গে ছিলেন গৌতম মজুমদার (তবলা), মো. মোস্তাফিজুর রহমান ডাবলু (কি-বোর্ড), আনসার আলী (বাঁশি) এবং মো. ফারুক (অক্টোপ্যাড)।
আজকের অনুষ্ঠানসূচি : আজ বুধবার অমর একুশে বইমেলার ২২তম দিন। মেলা চলবে বেলা ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত।
বিকেল ৪টায় বইমেলার মূলমঞ্চে অনুষ্ঠিত হবে জন্মশতবর্ষে বঙ্গবন্ধুকে নিবেদিত কবিতা ও ছড়া এবং জন্মশতবর্ষে বঙ্গবন্ধুকে নিবেদিত লোকায়ত সাহিত্য শীর্ষক আলোচনা অনুষ্ঠান। প্রবন্ধ উপস্থাপন করবেন মতিন রায়হান ও সুমন কুমার দাশ। আলোচনায় অংশগ্রহণ করবেন তারিক সুজাত, তপন বাগচী, মোস্তাক আহমাদ দীন এবং অনুপম হীরা মণ্ডল। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন কামাল চৌধুরী।
