অডিও ফাঁস

ইবি উপাচার্যের কার্যালয়ে ফের তালা ছাত্রলীগের

আপডেট : ২২ ফেব্রুয়ারি ২০২৩, ১০:১৮ এএম

অডিও ফাঁসের ঘটনাকে কেন্দ্র করে তৃতীয় দিনের মতো কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) উপাচার্য প্রফেসর ড. শেখ আবদুস সালামের কার্যালয়ে তালা ঝুলিয়ে বিক্ষোভ করছেন বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক নেতা-কর্মীরা।

বুধবার (২২ ফেব্রুয়ারি) সকালে উপাচার্যের কার্যালয়ের সামনে বিক্ষোভকারীরা ভিসির অপসারণ চেয়ে বিভিন্ন স্লোগান দিতে দেখা গেছে।

গত বৃহস্পতি ও শুক্রবার দিনের বিভিন্ন সময় ‘ফারাহ জেবিন’ ও ‘মিসেস সালাম’ নামের ফেসবুক আইডি থেকে অগ্রিম চাকরির প্রশ্নফাঁস ও শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীদের নিয়োগ বাণিজ্য সংক্রান্ত বিভিন্ন বিষয়ে ভিসির একাধিক অডিও ক্লিপ ফাঁস হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে। অডিও ফাঁসের ঘটনাকে কেন্দ্র করে ভিসিকে দুর্নীতিবাজ ও চোর আখ্যা দিয়ে রোববার ডে লেবার ও 'অস্থায়ী চাকরিজীবী পরিষদ' ভিসির পদত্যাগের দাবিতে কার্যালয়ে তালা ঝুলিয়ে আন্দোলন শুরু করে। একই দাবিতে আজও তারা কার্যালয়ে তালা ঝুলিয়ে বিক্ষোভ শুরু করেছে।

অডিওতে কথা বলা কণ্ঠটি উপাচার্যের কি না, সেটি যাচাই করা যায়নি। এ ঘটনায় থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

আন্দোলনকারীরা বিশ্বাবিদ্যালয়ের বিভিন্ন দপ্তর ও বিভাগে দৈনিক মজুরির ভিত্তিতে কাজ করেন। তাদের বেশিরভাগই সাবেক ছাত্রলীগ নেতাকর্মী বলে জানা গেছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত