চট্টগ্রাম-৮ আসনে উপনির্বাচন হবে ২৭ এপ্রিল

আপডেট : ২৩ ফেব্রুয়ারি ২০২৩, ০৬:২১ এএম

চট্টগ্রাম-৮ (বোয়ালখালী-চান্দগাঁও) আসনে উপনির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। তফসিল অনুযায়ী, আগামী ২৭ এপ্রিল এ আসনে ভোট হবে। ওইদিন সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত একটানা ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোটগ্রহণ হবে। তবে ভোট নেওয়ার সময় সিসি ক্যামেরা থাকছে না।

গতকাল বুধবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে ১৫তম কমিশন সভা শেষে ইসি সচিব জাহাঙ্গীর আলম সাংবাদিকদের এসব তথ্য জানান। এর আগে বেলা ১১টায় প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়ালের সভাপতিত্বে সভায় অন্যান্য কমিশনারও উপস্থিত ছিলেন। ঘোষিত তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ২৭ মার্চ। মনোনয়ন বাছাই ২৯ মার্চ। মনোনয়নপত্র প্রত্যাহার ৫ এপ্রিল। প্রতীক বরাদ্দ ৬ এপ্রিল। এ ভোটে রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব পালন করবেন চট্টগ্রাম অঞ্চলের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা।

গত ৫ ফেব্রুয়ারি রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ক্যানসারে আক্রান্ত হয়ে চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য মোছলেম উদ্দিন আহমদ মৃত্যুবরণ করেন। যিনি চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি ছিলেন। এরপর আসনটি শূন্য ঘোষণা করে সংসদ সচিবালয়। এর আগে একাদশ সংসদেই এ আসনটি আরও একবার শূন্য হয়েছিল। মহাজোটের শরিক হিসেবে জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ নেতা মইনউদ্দিন খান বাদল ২০১৮ সালের সংসদ নির্বাচিত হন। কিন্তু ২০১৯ সালের ৭ নভেম্বর তার মৃত্যুতে আসনটি শূন্য হয়। ২০২০ সালের ১৩ জানুয়ারির উপনির্বাচনে জয়ী হয়ে সংসদে আসেন মোছলেম উদ্দিন আহমদ। ১৯৯৬ ও ২০০১ সালে পটিয়া থেকে নৌকা প্রতীকে সংসদ নির্বাচন করে অল্প ভোটে পরাজিত হয়েছিলেন তিনি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত