রাজশাহী বিশ্ববিদ্যালয়ে 'ছাপচিত্রে ভাষার লড়াই'

আপডেট : ২৫ ফেব্রুয়ারি ২০২৩, ০৭:২৭ পিএম

বসন্তের রোদেলা দুপুর। আম, মেহগনি, লেবু ও নারকেলসহ হরেক রকমের গাছের সমন্বয়ে সবুজে ঘেরা এক বাগান। বাগানে আমের মুকুলের ফাঁকে ফাঁকে ঠিকরে পরছে ফাগুনের রোদ। সেই বাগানে বসে কাঠ কেটে শিল্পকর্ম তৈরি করছেন একদল শিল্পী। সংখ্যায় তারা এগারোজন। তারা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের চিত্রকলা, প্রাচ্যকলা ও ছাপচিত্র বিভাগের সাবেক ও বর্তমান শিক্ষার্থী। ভাষার মাস উপলক্ষে সেই বাগানে বসে শিল্পকর্ম রচনা করছেন তারা।

বলছিলাম বরেন্দ্র অঞ্চল রাজশাহীতে ‘ছাপচিত্রে বাংলা ও বাঙালি’ স্লোগানকে সামনে রেখে প্রথম যাত্রা শুরু করা প্রিন্টমেকিং স্টুডিও আতেলিয়ার বায়ান্নর কথা। শনিবার (২৫ ফেব্রুয়ারি) রাজশাহীর চারঘাট উপজেলার ইউসুফ ইউনিয়নের পাশুণ্ডিয়া গ্রামে অবস্থিত এই স্টুডিওটি যাত্রার প্রথমদিনেই ‘ছাপচিত্রে ভাষার লড়াই’ শীর্ষক এক কর্মশালার আয়োজন করে।

তিন দিনব্যাপী আয়োজিত এই কর্মশালার প্রথমদিনে কর্মশালা ও স্টুডিওর উদ্বোধন করেন বাংলাদেশ ইতিহাস সমিতির সভাপতি ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের অধ্যাপক ড. আবুল কাশেম।

তিনি বলেন, শিল্পী বনি আদমের এই উদ্যোগটি খুবই বিরল। সব শিল্পীর এরকম স্টুডিও থাকে না। যাদের আছে তারা খুব একটা কাজ করে না। আমি আশা করি শিক্ষার্থীদের নিয়ে বনি আদমের এই উদ্যোগ সফল হবে। এখন ফেব্রুয়ারি মাস, আমাদের ভাষা সংগ্রামের মাস। একুশকে সমুন্নত রাখতে ড. বনি আদমের এই উদ্যোগ। এখানে একুশটি ছাপচিত্র তৈরি করা হবে।

স্টুডিওর পরিচালক ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের চিত্রকলা, প্রাচ্যকলা ও ছাপচিত্র বিভাগের অধ্যাপক ড. বনি আদম বলেন, বাংলা ভাষা ও সংস্কৃতিভিত্তিক জাতীয়তাবাদের মূল উৎস হলো ভাষা আন্দোলন। এই আন্দোলনকে ভিত্তি করেই বাঙালিরা এগিয়ে যায় স্বাধিকার থেকে স্বাধীনতার পথে। বাঙালি জাতির গৌরবোজ্জ্বল সেই আন্দোলনের চেতনাকে ধারণ করে যাত্রা করল ‘আতেলিয়ার বায়ান্ন’ শীর্ষক প্রিন্টমেকিং স্টুডিও। এই স্টুডিওর ছাপ চিত্রকর্মসমূহ বাঙালি সংস্কৃতির বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে দৃঢ়ভাবে বিশ্বাস করি।

কর্মশালায় ভাষা আন্দোলনকে ঘিরে একুশটি ছাপচিত্র রচনা করেন অংশগ্রহণকারী শিল্পীরা। কর্মশালায় অংশগ্রহণকারী এগারোজন শিল্পী হলেন- রাবির গ্রাফিক ডিজাইন, কারুশিল্প ও শিল্পকলার ইতিহাস বিভাগের প্রাক্তন শিক্ষার্থী রাফিদা ইয়াসমিন, চিত্রকলা, প্রাচ্যকলা ও ছাপচিত্র বিভাগের প্রাক্তন শিক্ষার্থী বালিজুর রহমান, আরিফুল ইসলাম, রাগিব শাকিল অর রাফি ও বর্তমান শিক্ষার্থী মাইশা মালিহা, সৌমিক ঘোষ, মুস্তাকিম সাদাত মাফিন, তাজকেরাতুন সেতু, প্রকাশ চন্দ্র রায়, লাবু হক এবং আছিয়া খাতুন।

রাজশাহীতে প্রথম কোনো ছাপচিত্র বিষয়ে স্টুডিও পেয়ে উচ্ছ্বসিত কর্মশালায় অংশগ্রহণকারী শিক্ষার্থীরা। জানতে চাইলে অংশগ্রহণকারী রাবি শিক্ষার্থী মাইশা মালিহা বলেন, রাজশাহীতে প্রথম কোনো স্টুডিও পেয়ে অনেক ভালো লাগছে। আমরা পূর্বে তেমনভাবে ক্লাসের বাইরে এসে কাজ করার সুযোগ পেতাম না। এই স্টুডিওর যাত্রার মাধ্যমে আমাদের ক্লাসের বাইরে কাজ করার এক নতুন সুযোগ তৈরি হল।

উল্লেখ্য, ২৫ থেকে ২৭ ফেব্রুয়ারি তিন দিনব্যাপী আয়োজিত এই কর্মশালার শেষদিনে অংশগ্রহণকারীদের মাঝে সনদপত্র বিতরণ করা হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত