পদ্মায় দুই বালু শ্রমিক গুলিবিদ্ধ

আপডেট : ২৫ ফেব্রুয়ারি ২০২৩, ১১:০৪ পিএম

রাজবাড়ীর সদর উপজেলার মিজানপুর ইউনিয়নের কালিতলা এলাকায় পদ্মা নদীতে বালুবাহী ট্রলারে দুর্বৃত্তের ছোড়া গুলিতে দুই বালু শ্রমিক গুলিবিদ্ধ হয়েছে। তাদের ভর্তি করা হয়েছে রাজবাড়ী সদর হাসপাতালে। গতকাল শনিবার দুপুর ২টার দিকে এ ঘটনা ঘটে।

গুলিবিদ্ধ দুই শ্রমিক হলেন বাগেরহাট জেলার শরণখোলার আবদুর রব (৪৮) এবং রাজবাড়ী সদর উপজেলার আটদাপুনিয়া গ্রামের মো. আব্দুল্লাহ (৫০)।

রাজবাড়ী সদর হাসপাতালে ভর্তি গুলিবিদ্ধ আবদুর রবের ভাষ্যমতে, তারা ড্রেজার থেকে ট্রলারে বালু ভর্তি শেষ করে ট্রলারের ইঞ্জিন চালু করেন। এ সময় একটি স্পিডবোট তাদের ট্রলারের কাছে চলে আসে। ওই স্পিডবোটে চার থেকে পাঁচজন ছিল। তাদের সবার হাতেই ছিল অস্ত্র। তারা শ্রমিকদের উদ্দেশ্যে গুলি করতে থাকে। তার মুখে, বুকের পাশে ও পেটে গুলিবিদ্ধ হয়েছে।

বালুবাহী ট্রলারের মালিক রাজবাড়ী জেলা পরিষদের সদস্য আজম মন্ডল জানান, যারা ইজারা নিয়ে পদ্মা নদী থেকে বালু তোলে আমরা তাদের কাছ থেকে বালু কিনে বিভিন্ন স্থানে বিক্রি করি। গুলি করার কারণ হলো প্রতি নৌকা থেকে পাঁচশ টাকা করে চাঁদা দিতে হয় তাদের। আমি চাঁদা দেওয়া কিছুদিন ধরে বন্ধ রাখায় আজ এই হামলা হয়েছে।

রাজবাড়ী থানার ওসি (তদন্ত) উত্তম ঘোষ বলেন, কাউকে আটক করা সম্ভব হয়নি। থানায় কেউ অভিযোগও করেনি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত