চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ পিএলসির (সিএসই) চেয়ারম্যান হিসেবে পুনর্নির্বাচিত হয়েছেন আসিফ ইব্রাহিম। ডিমিউচুয়ালাইজেশন অ্যাক্ট, ২০১৩ অনুযায়ী তিনি পরবর্তী তিন বছরের জন্য সিএসইর নতুন চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হয়েছেন। গতকাল রবিবার সিএসইর পর্ষদ সভায় স্বাধীন ও শেয়ারহোল্ডার পরিচালকদের সর্বসম্মতিক্রমে তিনি চেয়ারম্যান হিসেবে পুনর্নির্বাচিত হন। সিএসই থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এর আগে সিএসই বোর্ডে দায়িত্বপ্রাপ্তদের মেয়াদ শেষ হওয়ায় বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) সাতটি স্বতন্ত্র পরিচালকের একটি তালিকা অনুমোদন করে। বিএসইসির অনুমোদন অনুযায়ী আসিফ ইব্রাহিমকে আরও তিন বছরের জন্য স্বতন্ত্র পরিচালক হিসেবে নিয়োগ দেওয়া হয়। এ ছাড়া আবদুল হালিম চৌধুরী, কাশিফ রেজা চৌধুরী, মনজুরুল আহসান বুলবুল, সজিব হোসেন, ইস্তার মহল এবং মোহাম্মদ নকিব উদ্দিন খানকে সিএসইর স্বতন্ত্র পরিচালক হিসেবে নতুন করে মনোনীত করা হয়েছে। নির্বাচিত অন্য চার শেয়ারহোল্ডার পরিচালক হলেন মো. সিদ্দিকুর রহমান, মোহাম্মদ মহিউদ্দিন, মো. রেজাউল ইসলাম এবং মোহাম্মদ নাসির উদ্দিন চৌধুরী।
আসিফ ইব্রাহিম ১৯৬৫ সালে বাংলাদেশের ঢাকায় জন্মগ্রহণ করেন। তিনি দিল্লি ইউনিভার্সিটি এবং ইউনিভার্সিটি অফ নর্থ টেক্সাস (মার্কিন যুক্তরাষ্ট্র) থেকে তার আনুষ্ঠানিক শিক্ষা লাভ করেন। তিনি নিউএজ গ্রুপের ভাইস চেয়ারম্যান। বিজ্ঞপ্তি
