আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘জাতীয় নির্বাচন নিয়ে কোনো ষড়যন্ত্র মেনে নেওয়া হবে না। তত্ত্বাবধায়ক সরকার আর হবে না, হবে না, হবে না, ইনশাআল্লাহ হবে না। নির্বাচন সংবিধান অনুযায়ী হবে। আর এ নির্বাচন হতে দেবেন না, এমনটা হলে খবর আছে। নির্বাচন নিয়ে কোনো ষড়যন্ত্র মেনে নেওয়া হবে না। আগামীতে বিএনপি নির্বাচনে না গেলে আইসিইউতে যাবে।’ গতকাল রবিবার ঘাটারচরে কেরানীগঞ্জ মডেল থানা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে আয়োজিত শান্তি সমাবেশে এসব কথা বলেন।
বিএনপি-জামায়াতের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে ঢাকা জেলা আওয়ামী লীগ এই শান্তি সমাবেশের আয়োজন করে। বিএনপি ও তাদের সমমনা দলগুলোর আন্দোলন নিয়ে সমালোচনা করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ‘আপনাদের পল্টন থেকে গোলাপবাগে যাওয়া ভুয়া, গরুর হাটের আন্দোলন ভুয়া, ২৭, ১২, ১০ দফা সবই ভুয়া।’
বিএনপি মহাসচিবের উদ্দেশে ওবায়দুল কাদের বলেন, ‘আপনারা সংকটে আছেন। আপনাদের দিয়ে কোনো আন্দোলন হবে না। আপনাদের দলও ভাঙব না, জোটও ভাঙব না, তবু তাসের ঘরের মতো সব ভেঙে যাবে। আপনাদের জোট টিকবে না, টিকতে পারেও না।’ বিএনপিকে নির্বাচনে অংশ নেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘আগামীতে বিএনপি নির্বাচনে না গেলে আইসিইউতে যাবে। তাদের আন্দোলনের গতি কমছে আর অভিযোগের পাহাড় বাড়ছে।’
ওবায়দুল কাদের বলেন, মাঝে মাঝে ভাবতে কষ্ট হয় এ দলও (বিএনপি) আবার ক্ষমতা চায়। এ দেশে হারানো ক্ষমতা ফিরে পাওয়া কঠিন।
ওবায়দুল কাদের বলেন, বিএনপির খেলার দম ফুরিয়ে গেছে। আমরা আন্দোলনেও খেলব, নির্বাচনেও খেলব। বিএনপি এখন খরার কবলে। খরার মধ্যে পড়েছে বিএনপি। অসুস্থ হয়ে অচিরেই হাসপাতালে যাবে।
