ইবিতে নির্যাতনকারী ছাত্রলীগের ৫ জনকে হল থেকে বহিষ্কার

আপডেট : ২৮ ফেব্রুয়ারি ২০২৩, ০৫:২১ এএম

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) প্রথম বর্ষের ছাত্রীকে রাতভর নির্যাতনের পর বিবস্ত্র করে ভিডিও ধারণের অভিযোগের সত্যতা মিলেছে। এর পরিপ্রেক্ষিতে দেশরতœ শেখ হাসিনা হলে ছাত্রী নির্যাতনের এ ঘটনায় ছাত্রলীগের পাঁচ নেতাকর্মীর সিট স্থায়ীভাবে বাতিল করেছে হল কর্র্তৃপক্ষ। নির্যাতনের ঘটনায় হল কর্র্তৃপক্ষ গঠিত তদন্ত কমিটি অভিযোগের সত্যতা পাওয়ায় এ ব্যবস্থা নেওয়া হয়েছে বলে গতকাল সোমবার জানিয়েছেন হলটির প্রভোস্ট অধ্যাপক ড. শামসুল আলম।

যে পাঁচজনের হলের সিট বাতিল করা হয়েছে তারা হলেন ইবি শাখা ছাত্রলীগের সহসভাপতি সানজিদা চৌধুরী অন্তরা, দেশরত্ন শেখ হাসিনা হল শাখার সহসভাপতি তাবাসসুম ইসলাম এবং কর্মী মোয়াবিয়া জাহান, ইসরাত জাহান মিমি ও হালিমা আক্তার ঊর্মি। তাদের আগামীকাল বুধবার সকাল ১০টার মধ্যে হল ত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে।

এদিকে হল কর্র্তৃপক্ষ গঠিত তদন্ত কমিটি প্রতিবেদন পর্যালোচনা শেষে অভিযুক্তদের শাস্তি হলেও বিশ্ববিদ্যালয় কর্র্তৃপক্ষ তাকিয়ে আছে হাইকোর্টের নির্দেশনার দিকে। এতে ক্ষোভ প্রকাশ করেছেন বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষক ও শিক্ষার্থীরা।

ইবির দেশরত্ন শেখ হাসিনা হলের অতিথি কক্ষে চার ঘণ্টা আটকে রেখে প্রথম বর্ষের ছাত্রী ফুলপরী খাতুনকে নির্যাতনের অভিযোগ ওঠে ইবি শাখা ছাত্রলীগের সহসভাপতি সানজিদা চৌধুরী অন্তরা ও তার সহযোগীদের বিরুদ্ধে। গত ১২ ফেব্রুয়ারি রাত সাড়ে ১১টা থেকে প্রায় ৩টা পর্যন্ত তাকে ওই কক্ষে আটকে রেখে শারীরিক নির্যাতন করা হয় বলে অভিযোগ করেন ফুলপরী। এ ঘটনার বিচার চেয়ে প্রক্টর ও ছাত্র উপদেষ্টা বরাবর দেওয়া লিখিত অভিযোগে তিনি বলেন, র‌্যাগিংয়ের নামে ছাত্রলীগ নেত্রীরা তাকে বিবস্ত্র করে ভিডিও ধারণ করেন। শারীরিক ও মানসিক নির্যাতনের পাশাপাশি ঘটনা কাউকে জানালে জীবননাশের হুমকিও দেন তারা। রাতের ওই ঘটনার পর বিপর্যস্ত ফুলপরী সকালে হল ছেড়ে বাসায় চলে যান। ঘটনাটি তদন্তে বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং হল কর্র্তৃপক্ষ দুটি কমিটি গঠন করে। এর বাইরে হাইকোর্টের নির্দেশে একটি বিচার বিভাগীয় এবং ইবি শাখা ছাত্রলীগ আরও দুটি কমিটি করেছে। এর মধ্যে গত রবিবার সকালে বিশ্ববিদ্যালয় প্রশাসন গঠিত তদন্ত কমিটি তাদের প্রতিবেদন জমা দিয়েছে।

দেশরতœ শেখ হাসিনা হল প্রশাসন গঠিত চার সদস্যের তদন্ত কমিটি হলের ছাত্রী, কর্মচারীসহ ২৮ জন সাক্ষাৎকার নেয়। এসব পর্যালোচনা করে গতকাল দুপুর ১২টার দিকে হলের প্রভোস্ট কক্ষে জরুরি সভা হয়। এতে উপস্থিত ছিলেন হলটির প্রভোস্টসহ আবাসিক শিক্ষকরা। সভা শেষে নির্যাতনের অভিযোগের সত্যতার পরিপ্রেক্ষিতে অভিযুক্তদের হলের আবাসিকতা স্থায়ীভাবে বাতিল করে হল কর্র্তৃপক্ষ।

এ ব্যাপারে জানতে চাইলে হলটির প্রভোস্ট অধ্যাপক ড. শামসুল আলম দেশ রূপান্তরকে বলেন, ‘ঘটনার পরের দিনেই আমি হল থেকে চার সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি গঠন করি। তদন্ত কমিটি সব যাচাই-বাছাই করে গত রবিবার আমার কাছে রিপোর্ট জমা দেয়। এতে ছাত্রী নির্যাতনের সত্যতা মিলেছে। সেই মোতাবেক অভিযুক্ত পাঁচজনের স্থায়ীভাবে আবাসিকতা বাতিল করা হয়েছে।’

বিবস্ত্র করে নির্যাতনের প্রমাণ মিলেছে কি না জানতে চাইলে তিনি বলেন, ‘নির্যাতনের সত্যতা আছে, এটা বললাম। তবে অভিযুক্ত ঊর্মির ফোনটি পাওয়া গেলে বিষয়টি আরও স্পষ্ট হবে বলে আমি মনে করি। এ জন্য বিষয়টি আমি প্রক্টরকে চিঠি দিয়ে অবহিত করেছি।’

জানা গেছে, ফুলপরীকে নির্যাতনের পর বিবস্ত্র করে ভিডিও ধারণ করা হয় ছাত্রলীগকর্মী ও চারুকলা বিভাগের ছাত্রী হালিমা আক্তার ঊর্মির মোবাইল ফোন দিয়ে। হলের তদন্ত কমিটি তাকে তার মোবাইল ফোনটি জমা দিতে বলে। কিন্তু ঊর্মি তার ফোনটি হারিয়ে গেছে বলে তদন্ত কমিটির কাছে দাবি করেন।

ব্যবস্থা নেই বিশ্ববিদ্যালয় প্রশাসনের : হল কর্র্তৃপক্ষ অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নিলেও হাইকোর্টের নির্দেশনার দিকে তাকিয়ে আছে বিশ্ববিদ্যালয় কর্র্তৃপক্ষ। অথচ বিশ্ববিদ্যালয় কর্র্তৃপক্ষ গঠিত তদন্ত কমিটি গত রবিবার রেজিস্ট্রারের কাছে তদন্ত প্রতিবেদন জমা দিয়েছে। কিন্তু উপাচার্য ছুটিতে থাকায় এ বিষয়ে সিদ্ধান্ত নিতে বিলম্ব হচ্ছে। সিদ্ধান্তের জন্য আগামী ৪ মার্চ পর্যন্ত অপেক্ষা করতে হবে। কারণ উপাচার্য আগামী ৪ মার্চ পর্যন্ত ছুটিতে থাকবেন। এতে ক্ষোভ প্রকাশ করেছেন বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থী ও শিক্ষকরা।

এ বিষয়ে ক্ষোভ প্রকাশ করে একাধিক শিক্ষার্থী দেশ রূপান্তরকে বলেন, ঘটনার ১৪ দিন পেরোলেও নিশ্চুপ বিশ্ববিদ্যালয় কর্র্তৃপক্ষ। অথচ সম্প্রতি শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) র‌্যাগিংয়ের নামে নির্যাতনের ঘটনার এক দিন পরই অভিযুক্তদের বিশ্ববিদ্যালয় থেকে সাময়িক বহিষ্কার করা হয়। কিন্তু ইবি প্রশাসন তাকিয়ে আছে হাইকোর্টের দিকে। যা লজ্জাজনক। অভিযুক্তদের বিশ্ববিদ্যালয় থেকে স্থায়ী বহিষ্কার চান তারা।

বিশ্ববিদ্যালয় কর্র্তৃপক্ষ অভিযুক্তদের বিরুদ্ধে কবে নাগাদ ব্যবস্থা গ্রহণ করবেÑ এমন প্রশ্নের উত্তরে উপ-উপাচার্য অধ্যাপক ড. মাহবুবুর রহমান বলেন, ‘উপাচার্য এখন ছুটিতে ঢাকায় আছেন। ছুটি শেষে ক্যাম্পাসে ফিরলে তদন্ত প্রতিবেদনের আলোকে ব্যবস্থা গ্রহণ করা হবে। উপাচার্যের অনুপস্থিতিকালে আমি শুধু রুটিন দায়িত্ব পালন করি।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত