কর্ণফুলী রক্ষায় ‘বিনি সুতার মালা’

আপডেট : ০১ মার্চ ২০২৩, ১০:৫৩ পিএম

কর্ণফুলী নদী রক্ষায় তিনি দিন ব্যাপী সাম্পান খেলা ও চাঁটগাইয়া সাংস্কৃতিক মেলা শুরু হয়েছে।

বুধবার (১ মার্চ) অনুষ্ঠানমালার প্রথম দিনে ছিল নদীর ঘাটে ঘাটে ঘুরে ‘বিনি সুতার মালা’ নামের সাংস্কৃতিক কর্মসূচির ব্যতিক্রমী আয়োজন।

সকাল নয়টা থেকে কর্ণফুলী নদীতে বিনি সুতার মালা তৈরি করে এক ঘাট থেকে অন্যঘাটে ঘুরে ঘুরে কর্ণফুলী দখল দুষণমুক্ত করার গুরুত্ব সম্পর্কে বিভিন্ন তথ্য নদী ব্যবহারকারীদের মধ্যে উপস্থাপনের পাশাপাশি আঞ্চলিক ও পাহাড়ি গান পরিবেশন করা হয়।

কর্ণফুলী নদীর সদরঘাট থেকে শুরু হয়ে চরপাথরঘাটা, সাম্পান ঘাট, গাইজ্জার ঘাট, তোতার বাপের হাট, কালুরঘাট বোয়ালখালী হয়ে নগরীর ব্রিজ ঘাট, অভয়মিত্র ঘাট ও বাংলাবাজার এসে কর্মসূচি শেষ হয়।

সনজিত আচার্য্যরে পরিচালনায় বিনি সুতার মালায় আঞ্চলিক গান পরিবেশন করেন শিল্পী গীতা আচার্য্য ও শীলা চৌধুরী। পলিয়ন মোবাংয়ের পরিচালনায় মারমা ত্রিপুরা নৃত্য পরিবেশন করেন শ্রীদেবী ত্রিপুরা ও মেমাসিং মারমা।

এর আগে, সকালে নগরীর সদরঘাট থেকে বিনি সুতার মালা অনুষ্ঠানের উদ্বোধন করেন সাম্পান খেলা ও চাঁটগাইয়া সাংস্কৃতিক মেলার প্রধান সমন্বয়ক শাহেদুর রহমান শাহেদ।

উদযাপন পরিষদের চেয়ারম্যান চৌধুরী ফরিদের সভাপতিত্বে ও সমন্বয়ক এস এম পেয়ার আলীর সঞ্চালনায় অনুষ্ঠানে ডায়মন্ড সিমেন্টের পরিচালক আলহাজ্ব হায়দার আলী প্রধান অতিথি ও কর্ণফুলী গবেষক প্রফেসর ড. ইদ্রিস আলী প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন।

তিনদিন ব্যাপী অনুষ্ঠানমালার উদযাপন ও কর্ণফুলী নদী দখল দূষণমুক্ত করার গুরুত্ব সম্পর্কে প্রবন্ধ উপস্থাপন করেন চট্টগ্রাম ইতিহাস সংস্কৃতি গবেষণা কেন্দ্রের চেয়ারম্যান আলীউর রহমান।

তিন দিনব্যাপী অনুষ্ঠানের দ্বিতীয় দিন বৃহস্পতিবার (২ মার্চ) সকাল ১১টায় নগরীর ফিরিঙ্গিবাজার ব্রিজ ঘাট থেকে শুরু হবে সাম্পান শোভাযাত্রা। এতে প্রধান অতিথি থাকবেন সিএমপি কমিশনার কৃষ্ণ পদ রায়। সাম্পান শোভাযাত্রায় পাঁচটি সাম্পান মাঝি সমিতির ৩ শতাধিক সাম্পান অংশগ্রহণ করবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত