টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় ওরসগামী একটি পিকআপ উল্টে তিন নারী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১৮ জন। গতকাল বুধবার দুপুরে বঙ্গবন্ধু সেতু-ঢাকা মহাসড়কের আনালিয়াবাড়ী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ছাড়া লালমনিরহাটে ট্রাকের ধাক্কায় অটোরিকশার দুই যাত্রী নিহত হয়েছেন। কুমিল্লার মুরাদনগরে মাটিবাহী ট্রাক্টরের সঙ্গে ধাক্কা খেয়ে মোটরসাইকেল আরোহী দুজন, মাগুরায় স্থানীয়ভাবে নির্মিত নাটা গাড়ির ধাক্কায় এক যুবক এবং দিনাজপুরের হাকিমপুরের হিলিতে কুকুরের সঙ্গে ধাক্কা খেয়ে উল্টে গিয়ে ব্যাটারিচালিত ইজিবাইকের চালক নিহত হয়েছে। বিস্তারিত প্রতিনিধিদের পাঠানো খবরে
টাঙ্গাইলে পিকআপ উল্টে ৩ নারী নিহত : কালিহাতী উপজেলায় পিকআপ উল্টে নিহত নারীরা হলেন জামালপুর সদর উপজেলার গান্দাইল এলাকার মৃত গাদুগানের মেয়ে শাহারা ওরফে শাহানা বেগম (৬০), পেচামানিক এলাকার মাহতাব আলীর মেয়ে নুর জাহান (৫০) এবং টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলার গৌরাং এলাকার মৃত জাবেদ আলীর মেয়ে ফিরোজা বেগম (৬০)। এ দুঘর্টনায় আহতরা সবাই জামালপুর সদর উপজেলার গান্দাইল ও পেচামানিক এলাকার বাসিন্দা বলে জানা গেছে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, জামালপুর থেকে ছেড়ে আসা একটি পিকআপ ২০ যাত্রী নিয়ে সিরাজগঞ্জের এনায়েতপুরে ওরসে যাচ্ছিল। পিকআপটি কালিহাতী উপজেলার আনালিয়াবাড়ী এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই তিন নারী নিহত হন। আহত অন্তত ১৮ জনকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার ওসি মো. সফিকুল ইসলাম বলেন, আইনি প্রক্রিয়া শেষে মরদেহগুলো পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
লালমনিরহাটে ট্রাকের ধাক্কায় নিহত ২ : লালমনিরহাটের ট্রাকের ধাক্কায় অটোরিকশার দুই যাত্রী নিহত হয়েছে। এতে আরও কয়েকজন আহত হয়েছেন। গতকাল বিকেল ৪টার দিকে লালমনিরহাট-রংপুর মহাসড়কে লালমনিরহাট সদর উপজেলার মহেন্দ্রনগর ইউনিয়নের বুড়িরবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন কালীগঞ্জ উপজেলার তুষভাণ্ডার ইউনিয়নের জমিদারবাড়ি এলাকার মোহাম্মদ আলীর ছেলে নবিউল ও অটোচালক সদর উপজেলার বড়বাড়ি ইউনিয়নের খেদাবাগ এলাকার মজিবরের ছেলে রেজাউল করিম (৫০)।
লালমনিরহাট সদর থানা পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, লালমনিরহাট থেকে একটি অটোরিকশা সাত-আটজন যাত্রী নিয়ে লালমনিরহাট-রংপুর মহাসড়ক হয়ে বড়বাড়ির দিকে যাচ্ছিল। পথে মহেন্দ্রনগর ইউনিয়নের বুড়িরবাজার এলাকায় অটোরিকশাটিকে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক ধাক্কা দেয়। এতে অটোরিকশার চালক ও যাত্রী রবিউল ঘটনাস্থলেই মারা যান। লালমনিরহাট সদর হাসপাতালে আহত অন্যদের চিকিৎসা চলছে। ট্রাকটি আটক করে পুলিশের হাতে দিয়েছে স্থানীয়রা।
মুরাদনগরে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ২ : কুমিল্লার মুরাদনগরে মোটরসাইকেল দুর্ঘটনায় এক প্রবাসী ও মোটরসাইকেল মিস্ত্রি নিহত হয়েছে। গতকাল রাত ৮টার দিকে মুরাদনগর-ইলিয়টগঞ্জ আঞ্চলিক মহাসড়কের জাহাপুর ইউনিয়নের শুশুণ্ডা এলাকায় মাটিবাহী ট্রাক্টরের সঙ্গে ধাক্কা লেগে চাকার নিচে পিষ্ট হয়ে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়।
নিহতরা হলেন চাঁদপুরের কচুয়া উপজেলার বজরিখোলা গ্রামের মৃত ইসমাইল মুন্সির ছেলে রুমানিয়া প্রবাসী রিয়াদুল হাসান রাসেল (২৬) ও কুমিল্লার দাউদকান্দি উপজেলার লক্ষীপুর (ইলিয়টগঞ্জ) গ্রামের মৃত আব্দুল কাদেরের ছেলে মোটরসাইকেল মিস্ত্রি মোশারফ হোসেন (২৬)।
নিহত রিয়াদুলের খালাতো ভাই মহসিন জানান, রিয়াদুল রুমানিয়া প্রবাসী। তিনি দুই মাস আগে ছুটিতে দেশে আসে। দুপুরে রিয়াদুল ও তিনি মোটরসাইকেলে মুরাদনগরে একটি চাকরির বিষয়ে কথা বলতে যান। কাজ শেষে ফেরার পথে তাদের মোটরসাইকেলটি নষ্ট হয়ে যায়। পরে রিয়াদুল ফোন করে ইলিয়টগঞ্জ থেকে তার বন্ধু মোটরসাইকেল মিস্ত্রি মোশারফকে ডেকে আনে। এরপর তারা মোটরসাইকেলের কিছু সরঞ্জাম আনতে বাখরাবাদ বাজারের উদ্দেশে রওনা দেয়। তাদের দেরি দেখে তিনি রিয়াজুলের মোবাইলে ফোন দিলে কেউ একজন সেটি রিসিভ করে জানায় তারা মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত হয়েছে।
মাগুরায় নাটা গাড়ির ধাক্কায় যুবক নিহত : মাগুরা শহরের দোয়ারপাড় সিদ্দিকের মোড়ে নাটা গাড়ির ধাক্কায় রিপন শেখ (৩৭) নামে এক যুবক নিহত হয়েছেন। গতকাল বেলা ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। রিপন খুলনার ফুলতলা এলাকার নুর মহম্মদ শেখের ছেলে। তিনি একটি ফুড কোম্পানিতে চাকরির সুবাদে মাগুরা শহরের স্টেডিয়াম পাড়ায় বসবাস করতেন।
নিহতের স্ত্রী লাভলি বেগম ও সদর থানার ওসি মোস্তাফিজুর রহমান জানান, ১২টার দিকে দোয়ারপাড় এলাকার সিদ্দিকের মোড়ে দোকানে খাদ্যপণ্য ডেলিভারি দেওয়ার জন্য কোম্পানির ভ্যানের কাছে দাঁড়িয়ে ছিলেন রিপন। এ সময় দ্রুতগতির একটি নাটা গাড়ি ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা মাগুরা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নাটা চালক পালিয়ে গেলেও গাড়িটি জব্দ করেছে পুলিশ।
হিলিতে ব্যাটারিচালিত ইজিবাইক উল্টে চালক নিহত : দিনাজপুরের হাকিমপুরের হিলিতে কুকুরের সঙ্গে ধাক্কা খেয়ে ব্যাটারিচালিত ইজিবাইক উল্টে গিয়ে এর চালক মিজানুর রহমান (৩২) নিহত হয়েছেন। গতকাল দুপুরে উপজেলার ডাঙ্গাপাড়া সড়কের খট্টা মাধবপাড়া ইউনিয়নের হরেকৃষ্ণপুর গ্রামের বটতলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মিজানুর উপজেলার খট্টাগ্রামের আইনুল ইসলামের ছেলে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, দুপুরের দিকে মিজানুর রহমান ইজিবাইক চালিয়ে বাড়ি থেকে ডাঙ্গাপাড়া বাজারের দিকে যাচ্ছিল। পথে হরেকৃষ্ণপুর গ্রামের বটতলী এলাকায় কুকুরের সঙ্গে ইজিবাইকের ধাক্কা লাগে। এতে ইজিবাইকটি উল্টে গিয়ে অটোবাইকের নিচে চাপা পড়ে মিজানুর ঘটনাস্থলেই মারা যান।
হাকিমপুর থানার ওসি আবু সায়েম মিয়া বলেন, কোনো অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
