জি-২০ দেশের পররাষ্ট্রমন্ত্রীদের সম্মেলন শুরু

আপডেট : ০২ মার্চ ২০২৩, ০৬:০০ এএম

ভারতের দিল্লিতে শুরু হয়েছে বিশ্বের সবচেয়ে শক্তিশালী ২০টি অর্থনীতির জোট জি-২০ সদস্য দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের দুই দিনব্যাপী সম্মেলন। গতকাল বুধবার রাতে নৈশভোজের মধ্য দিয়ে শুরু এ আয়োজন। আজ বৃহস্পতিবার সম্মেলনের মূল আলোচনা পর্ব হবে। অতিথি দেশ হিসেবে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. আবদুল মোমেন এ সম্মেলনে যোগ দিয়েছেন।

গত বছরের ডিসেম্বরে ভারত জি-২০ জোটের সভাপতির দায়িত্ব পায়। আগামী ৯ ও ১০ সেপ্টেম্বর দিল্লিতে জি-২০ শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হবে। এরই মধ্যে এই সম্মেলনে যোগদানের জন্য ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বিশেষ দেশ হিসেবে বাংলাদেশকে আমন্ত্রণ জানিয়েছে এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই সম্মেলনে আমন্ত্রিত হয়েছেন।

বিশে্বর ১৯টি ধনী দেশ এবং ইউরোপীয় ইউনিয়নের সমন্বয়ে জি-২০ গঠিত। সদস্য দেশগুলো হলো আর্জেন্টিনা, অস্ট্রেলিয়া, ব্রাজিল, কানাডা, চীন, ফ্রান্স, জার্মানি, ভারত, ইন্দোনেশিয়া, ইতালি, জাপান, মেক্সিকো, দক্ষিণ কোরিয়া, রাশিয়া, সৌদি আরব, দক্ষিণ আফ্রিকা, তুরস্ক, যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্র।

৯টি অতিথি দেশ হলো বাংলাদেশ, মিসর, মরিশাস, নেদারল্যান্ডস, নাইজেরিয়া, ওমান, সিঙ্গাপুর, স্পেন ও সংযুক্ত আরব আমিরাত।

ঢাকা ও দিল্লির কূটনৈতিক সূত্রগুলো জানিয়েছে, রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ, ব্রাজিলের পররাষ্ট্রমন্ত্রী মাউরো ভিয়েইরা, মরিশাসের পররাষ্ট্রমন্ত্রী অ্যালেন গানু, তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুত কাভুসোগলু ও অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী পেনি ওয়ং মঙ্গলবার দিল্লি পৌঁছেছেন। আর গতকাল যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন, জার্মানির পররাষ্ট্রমন্ত্রী অ্যানালেনা বায়েরবোক, চীনের পররাষ্ট্রমন্ত্রী কিন গ্যাং, যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী জেমস ক্লেভার্লি, ইউরোপীয় ইউনিয়নের উচ্চপদস্থ প্রতিনিধি/ভাইস প্রেসিডেন্ট জোসেপ ভোরেলের পৌঁছানোর কথা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত