মেসিকে হত্যার হুমকি, গুলি স্ত্রীর স্বজনদের মার্কেটে

আপডেট : ০৩ মার্চ ২০২৩, ০২:০১ এএম

লিওনেল মেসির স্ত্রী আন্তোনেল্লা রোকুজ্জোর পরিবারের মালিকানাধীন একটি সুপারমার্কেটে গুলি চালিয়েছে দুর্বৃত্তরা। হামলা শেষে চলে যাওয়ার আগে এক টুকরো কাগজ ফেলে গেছে তারা, যেখানে তারকা ফুটবলার মেসিকে হুমকি দিয়ে বার্তা লেখা হয়েছে। আর্জেন্টিনার স্থানীয় সময় গতকাল বৃহস্পতিবার ভোরে রোসারিও শহরে এ ঘটনা ঘটেছে বলে ক্রীড়াবিষয়ক গণমাধ্যম ইএসপিএনের প্রতিবেদনে জানানো হয়েছে।

মেসি ও রোকুজ্জো দুজনেই এই শহরে জন্মগ্রহণ করেছিলেন। ৩৫ বছর বয়সী মেসি শৈশবে খেলেছেন রোসারিওর ক্লাব নিউয়েলস ওল্ড বয়েজে।

ইউনিকো নামের সুপারমার্কেটটির শাটার ও সামনের দরজায় এলোপাতাড়ি ১৪টি গুলি ছোড়া হয়েছে। মোটরসাইকেলে চড়ে আসা দুই দুর্বৃত্ত এ ঘটনা ঘটিয়েছে। সুপারমার্কেটটির ক্ষয়ক্ষতি হলেও কেউ হতাহত হয়নি।

শহরটির পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন, বন্ধ থাকা সুপারমার্কেটে গুলি চালিয়ে চলে যাওয়ার আগে এক টুকরো কার্ডবোর্ড (এক ধরনের পুরু ও শক্ত কাগজ) ফেলে গেছে মোটরসাইকেল আরোহীরা। সেখানে আর্জেন্টিনার হয়ে গত বছর বিশ্বকাপ জেতা মেসিকে হুমকি দিয়ে লেখা হয়েছে, ‘মেসি, আমরা তোমার অপেক্ষায় আছি। ইয়াভকিন (রোসারিওর মেয়র পাবলো) একজন মাদক চোরাচালানকারী। সে তোমাকে দেখে রাখতে পারবে না।’

গুলি ছোড়া ও হুমকি দেওয়ার এ ঘটনায় ইতিমধ্যে তদন্ত শুরু হয়েছে। এ ছাড়া রোসারিওতে অপরাধ বৃদ্ধি, পুলিশের ঘাটতি ও সুরক্ষার অভাব নিয়ে গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন মেয়র ইয়াভকিন। চলতি সপ্তাহের শুরুতেও একই বিষয়গুলো নিয়ে হতাশা প্রকাশ করে তিনি জানিয়েছিলেন, শহরটিতে আরও পুলিশ সদস্যের প্রয়োজন।

রেকর্ড সাতবারের ব্যালন ডি’অর জয়ী পিএসজি ফরোয়ার্ড মেসি বা তার স্ত্রী রোকুজ্জোর কেউই হামলার এই ঘটনায় তাৎক্ষণিক কোনো মন্তব্য করেননি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত